ড্রাগন নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। এই কাল্পনিক প্রাণীটি কোথা থেকে এলো, এর উৎপত্তি বা নামকরণের নেপথ্যে কী রহস্য লুকিয়ে আছে—তা নিয়ে যেমন প্রশ্নের শেষ নেই, তেমনি উত্তর ও তত্ত্বেরও অভাব নেই।
তবে বেশিরভাগ ক্ষেত্রে ড্রাগনকে স্রেফ একটি ডানাওয়ালা, আগুনখেকো গিরগিটি কিংবা বিশাল সাপের মতো অবয়বে উপস্থাপন করা হয়। কিন্তু নৃবিজ্ঞান, রাজনৈতিক ইতিহাস, বিবর্তনীয় মনস্তত্ত্ব এবং ভাষাতাত্ত্বিক কাঠামোর গভীরে প্রবেশ করলে দেখা যায়, এই রহস্যের সুতোটি আসলে মানব সভ্যতার আদিমতম সামাজিক বিবর্তনের সাথে যুক্ত।

নব্য প্রস্তর যুগে মানুষ যখন প্রথম দলবদ্ধ হয়ে সমাজ ও গোত্র ব্যবস্থা গড়ে তুলতে শুরু করল, তখনই মূলত জন্ম নেয় টোটেমবাদ। আদিম মানুষেরা বিশ্বাস করত কোনো একটি নির্দিষ্ট প্রাণীর সাথে তাদের অলৌকিক বা রক্তের সম্পর্ক রয়েছে এবং সেই প্রাণীটিই ছিল তাদের গোত্রের সামাজিক পরিচয় ও ঐক্যের রক্ষাকর্তা।
এই আদিম টোটেম বিশ্বাসের বিবর্তনই পরবর্তীকালে দুই মহাদেশে সম্পূর্ণ ভিন্ন দুটি ধারায় বিকশিত হয়। তবে এই ইতিহাসের সবচেয়ে বড় সংকট হলো, আমরা যেটাকে চাইনিজ ড্রাগন নামে চিনি, তা আসলে পাশ্চাত্য অর্থে কোনো ড্রাগনই নয়। একে ড্রাগন বলাটা মূলত একটি ভাষাতাত্ত্বিক ভুল এবং একটি ডাবল মিথ-এর অত্যন্ত জটিল এক মনোজাগতিক জাল।
নামকরণের জ্ঞানতত্ত্ব ও শ্রবণ বনাম দর্শনের লড়াই-
ভাষাবিদ ফের্দিনঁ দ্য সোসুর দেখিয়েছিলেন যে একটি শব্দ বা চিহ্ন যখন সমাজে তৈরি হয়, তখন তার পেছনে গভীর মনস্তাত্ত্বিক বাস্তবতা কাজ করে। লং এবং ড্রাগন—এই দুটি শব্দ যখন দুই ভিন্ন সভ্যতায় জন্ম নিয়েছিল, তখন তাদের নামকরণের ভিত্তি তৈরি হয়েছিল সম্পূর্ণ ভিন্ন দুটি মানবিক ইন্দ্রিয়ের অভিজ্ঞতা থেকে, যার একটির ভিত্তি ছিল শোনা আর অন্যটির ভিত্তি ছিল দেখা।
কৃষিভিত্তিক প্রাচীন চীনা সমাজ ছিল সম্পূর্ণভাবে সেচ ও প্রকৃতির ওপর নির্ভরশীল। ফসলের উৎপাদন ও বেঁচে থাকার জন্য তাদের নিয়মিত বৃষ্টির প্রয়োজন হতো। চীনারা লক্ষ্য করেছিল যে যখন আকাশে মেঘ জমে এবং প্রচণ্ড বজ্রপাত হয়, তখন এক ধরণের গভীর ও গুরুগম্ভীর শব্দ চারপাশ কাঁপিয়ে দেয়।
প্রাচীন মানুষের অবচেতনে সেই মেঘের ডাকের শব্দ শুনত লং-লং-লং হিসেবে। যেহেতু এই কাল্পনিক সত্তাটিকে তারা মেঘ, বৃষ্টি, পানি এবং বজ্রপাতের নিয়ন্ত্রক মনে করত, তাই প্রকৃতির সেই শব্দের অনুকরণেই তারা এর নামকরণ করে লং।
আদি লিপি বিশ্লেষণ করলে দেখা যায় এটি ছিল একটি আঁকাবাঁকা সুদীর্ঘ দেহের সাপের মতো অবয়ব, যার মুখটি বড় করে হাঁ করা। চীনা দর্শনে লং কোনো ব্যক্তি বা দানব নয়, এটি প্রকৃতির এক ইতিবাচক, জীবনদায়ী ও পরম উর্বর শক্তির বিমূর্ত রূপ।
অন্যদিকে, ইংরেজি Dragon শব্দটির মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পূর্ণ বিপরীত এবং তা এসেছে মানুষের তীব্র ভয় ও প্রতিরক্ষা ব্যবস্থা থেকে। এই শব্দটি ল্যাটিন draco এবং প্রাচীন গ্রীক drakon হয়ে ফরাসি ভাষার মাধ্যমে ইংরেজিতে এসেছে। এর মূল উৎস হলো গ্রীক ক্রিয়াপদ derkomai, যার আক্ষরিক অর্থ হলো তীব্র নজরে তাকানো বা পলকহীন দৃষ্টি।
প্রাচীন গ্রীকদের বিশ্বাস ছিল এই অবাস্তব দানবীয় সরীসৃপগুলোর চোখ কখনো বন্ধ হয় না (কারণ সাপের চোখের পাতা থাকে না) এবং এরা তীব্র ও সম্মোহনী দৃষ্টিতে কোনো গুহার মুখ বা গুপ্তধন পাহারা দেয়। এই তীব্র নজরদারীকারী বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই এর নাম রাখা হয়েছিল ড্রাগন।

রূপান্তরের প্রেক্ষাপট ও রাজনৈতিক ঐক্য বনাম বিবর্তনীয় আতঙ্ক-
নামকরণের এই ভিন্নতার কারণেই ইউরোপ এবং চায়নায় ড্রাগন সম্পূর্ণ আলাদা দুটি রূপ ধারণ করেছে, যার একটি রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক এবং অন্যটি সম্পূর্ণ জৈবিক ও বিবর্তনমূলক। চীনে লিখন পদ্ধতি আবিষ্কারের আগে হুয়াংহো ও ইয়াংসি নদীর অববাহিকায় শত শত আদিম গোত্র সম্পূর্ণ আলাদা আলাদা প্রাণীকে (যেমন সাপ, কুমির, ঈগল, হরিণ, মাছ) টোটেম হিসেবে পূজা করত।
সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের তত্ত্ব অনুযায়ী টোটেম হলো সমাজের যৌথ অবচেতনের প্রতীক। কিংবদন্তির সম্রাট হুয়াংদি যখন এই যাযাবর ও আদিবাসী উপজাতিগুলোকে যুদ্ধ ও চুক্তির মাধ্যমে একত্রিত করে প্রথম একক হুয়াশিয়া সাম্রাজ্য গড়ে তোলেন, তখন বিজিত গোত্রগুলোর নিজস্ব পরিচয় অক্ষুণ্ন রাখতে সম্রাট এক অভূতপূর্ব সাংস্কৃতিক ও কূটনৈতিক সমঝোতার পথ বেছে নিলেন।
তিনি নিজের সাপ টোটেমকে মূল কাঠামো হিসেবে রেখে, অন্যান্য বিজিত গোত্রের প্রধান প্রধান টোটেমের শারীরিক বৈশিষ্ট্যগুলো কেটে এনে জোড়া দিতে শুরু করলেন। সাপের দীর্ঘ শরীরের সাথে যুক্ত হলো অন্য গোত্রের হরিণের শিং, ঈগলের নখ এবং মাছের আঁশ। এটা কোনো একক প্রাকৃতিক প্রাণীর বিবর্তন ছিল না।
এটা ছিল শত শত আদিম গোত্রকে একটি একক রাজনৈতিক ছাতার নিচে শান্তিপূর্ণভাবে বেঁধে রাখার এক দূরদর্শী বহুত্ববাদী টোটেম।

আর ইউরোপীয়দের ক্ষেত্রে ড্রাগনের রূপ নেওয়ার প্রেক্ষাপটটি ছিল সম্পূর্ণ উল্টো এবং এটি তৈরি হয়েছে মানুষের প্রাক-ঐতিহাসিক আদিমতম ভয় এবং প্রকৃতির প্রতিকূলতার ওপর ভিত্তি করে।
নৃবিজ্ঞানী ডেভিড ই. জোন্স তাঁর গবেষণায় দেখিয়েছেন যে মানবজাতি যখন আদিম স্তন্যপায়ী বা প্রাইমেট অবস্থায় জঙ্গলে বাস করত, তখন তাদের টিকে থাকার প্রধান হুমকি ছিল মূলত তিনটি শিকারী প্রাণী, যা হলো বিশাল সাপ, বড় শিকারী পাখি এবং বড় শিকারী বিড়াল বা সিংহ।
হাজার হাজার বছর ধরে এই তিনটি প্রাণীর প্রতি মানুষের মস্তিষ্কের Amygdala অংশে এক ধরণের জন্মগত ও অবচেতন প্রতিরক্ষা ভয় তৈরি হয়েছে। ইউরোপীয় মনস্তত্ত্ব এই তিনটি আদিম আতঙ্ককে জোড়া দিয়ে একটি একক রাক্ষসের অবয়ব তৈরি করল। সাপ থেকে এলো দীর্ঘ আঁশটে শরীর ও বিষ, শিকারী পাখি থেকে এলো বাদুড়ের মতো বিশাল ডানা এবং সিংহ থেকে এলো ধারালো দাঁত, নখ ও শক্তিশালী চার পা।
মাটির নিচ থেকে আবিষ্কৃত ডাইনোসরের প্রাগৈতিহাসিক কঙ্কাল এবং নরকের আগুনের ধারণা যুক্ত হয়ে এটি ইউরোপে এক মহাধ্বংসী দানবে পরিণত হয়। যেহেতু এটি ভয়ের প্রতীক, তাই একে হত্যা করে মানুষের শ্রেষ্ঠত্ব ও ঈশ্বরের পুণ্য প্রমাণ করাই ছিল ইউরোপীয় যোদ্ধাদের মূল লক্ষ্য।
চাইনিজ ড্রাগন কেন একটি জটিল ডাবল মিথ?
যখন আমরা চীনা লং-কে ড্রাগন বলি, তখন আমরা আসলে একটি সম্পূর্ণ ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে তৈরি হওয়া প্রতীকের ওপর আরেকটি সম্পূর্ণ বিপরীতধর্মী সংস্কৃতির নেতিবাচক সংজ্ঞা জোর করে চাপিয়ে দিই এবং এখানেই জন্ম নেয় ডাবল মিথ বা দ্বৈত মিথ্যার এক অত্যন্ত জটিল মনস্তাত্ত্বিক জাল।
প্রথম মিথটি হলো লং নিজেই একটি রূপকথা এবং বাস্তবে এর কোনো একক জৈবিক অস্তিত্ব নেই। এটি চীনাদের নিজস্ব তৈরি একটি সামাজিক ও রাজনৈতিক রূপক, যা মেঘ, বৃষ্টি, উর্বরতা এবং সম্রাটের আধ্যাত্মিক ক্ষমতার প্রতীক।
দ্বিতীয় মিথটি হলো ইউরোপীয় ড্রাগন-ও আরেকটি সম্পূর্ণ স্বাধীন মিথ, যা মানুষের আদিম বিবর্তনীয় ভয়, অন্ধকার গুহা, লোভ এবং শয়তানের ধারণার ওপর প্রতিষ্ঠিত। একটি পরম মঙ্গলের আধার এবং অন্যটি পরম অমঙ্গলের প্রতীক।
সতেরো ও আঠারো শতকে যখন পশ্চিমা উপনিবেশবাদী মিশনারি ও অনুবাদকেরা চীনে আসেন, তখন তারা চীনাদের এই পবিত্র টোটেম লং-কে দেখতে পান। তারা তাদের নিজেদের সংস্কৃতির বাইবেল-জাত ডানাওয়ালা ও আগুনখেকো মন্দ রাক্ষসের সাথে এর বাহ্যিক কিছুটা মিল দেখে কোনো গভীর মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক অনুসন্ধান ছাড়াই এর ইংরেজি নাম দিয়ে দেন চাইনিজ ড্রাগন। এর ফলে একটি ভয়াবহ সাংস্কৃতিক ও দার্শনিক বিপর্যয় ঘটে।
যে প্রাণীটি প্রাচ্যের মানুষের কাছে ছিল জীবনের উৎস ও ফসলের দেবতা, পশ্চিমা অনুবাদের চোরাবালিতে পড়ে তা আন্তর্জাতিক দুনিয়ায় পরিচিতি পেল এক নরকীয়, রক্তপিপাসু এবং ধ্বংসাত্মক রাক্ষস হিসেবে। একটি মিথকে আরেকটি সম্পূর্ণ বিপরীত মিথ দিয়ে প্রতিস্থাপিত করার এই প্রক্রিয়াটিই হলো ডাবল মিথ।
সবশেষে, সামগ্রিক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে আমরা এই সুনির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চীনের ড্রাগন নামে পরিচিত জন্তুটি আসলে পশ্চিমা সংজ্ঞার কোনো ড্রাগনই নয়। এই কাল্পনিক প্রতীকের ওপর অন্য সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতধর্মী আরেকটি কাল্পনিক লেবেল সেঁটে দেওয়ার ফলে যে দীর্ঘস্থায়ী বিশ্বজনীন বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা একবিংশ শতাব্দীতে এসে ভাঙতে শুরু করেছে।
উত্তর-ঔপনিবেশিক সাংস্কৃতিক সচেতনতা এবং ভাষাতাত্ত্বিক সংস্কারের ফলে বিশ্ব আজ এই সত্যটি অনুধাবন করতে পারছে।

এই কুয়াশা দূর করতে বর্তমান সময়ে আন্তর্জাতিক স্তরে চাইনিজ ড্রাগন শব্দটির ব্যবহার কমিয়ে তার বদলে সরাসরি মূল চৈনিক উচ্চারণ এবং স্বকীয়তার প্রতীক Long শব্দটি ব্যবহার করা হচ্ছে।
এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম ও একাডেমিক পরিমণ্ডলে এখন Year of the Dragon-এর চেয়ে Year of the Long বলাটাকে বেশি যুক্তিযুক্ত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল বলে গণ্য করা হচ্ছে। কারণ লং কোনো উড়ন্ত টিকটিকি বা শয়তানের ছায়া নয়, এটি বহুত্ববাদী টোটেম থেকে বিবর্তিত মানুষের এক অনন্য সামাজিক মেলবন্ধন এবং প্রকৃতির জীবনদায়ী শক্তির এক কালজয়ী মহাকাব্য।
একই কাল্পনিক সত্ত্বাকে এক গোলার্ধ যেখানে পরম পূজনীয় করে তুলেছে, অন্য গোলার্ধ সেখানে বানিয়েছে নরকের কীট।
