গণিতকে প্রায়ই প্রতিভাবানদের বিষয় বলা হয়। অনেকের ধারণা, একজন মহান গণিতবিদ হতে হলে শৈশব থেকেই অসাধারণ মেধাবী হতে হবে, নামী বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়তে হবে এবং দীর্ঘ একাডেমিক প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে৷ এছাড়াও আরো কত কি! কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষও আছেন, যাঁরা এই প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে পড়াশোনা করেননি, কারও আনুষ্ঠানিক ডিগ্রি ছিল না, আবার কেউ আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেননি। তবুও তাঁদের আবিষ্কার ও গবেষণা আধুনিক গণিতকে গভীরভাবে প্রভাবিত করেছে।এই অসাধারণ ব্যক্তিদের জীবন শুধু গণিতপ্রেমীদের জন্য নয়, বরং প্রতিটি শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস।
শ্রীনিবাস রামানুজান

১৮৮৭ সালে ভারতের তামিলনাড়ুর ইরোড়(Erode) শহরে জন্মগ্রহণ করেন শ্রীনিবাস রামানুজান। ছোটবেলা থেকেই সংখ্যার প্রতি তাঁর এক অদ্ভুত আকর্ষণ ছিল। অন্য শিশুরা যখন খেলাধুলায় ব্যস্ত, তখন রামানুজন ঘণ্টার পর ঘণ্টা সংখ্যার প্যাটার্ন নিয়ে চিন্তা করতেন।
মাত্র ষোল বছর বয়সে তিনি একটি গণিতের বই হাতে পান, যেখানে হাজার হাজার উপপাদ্য ও সূত্রের সংক্ষিপ্ত বিবরণ ছিল। বইটি তাঁর জীবনের গতিপথ বদলে দেয়। তিনি নিজে নিজেই জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে শুরু করেন এবং নতুন নতুন সূত্র আবিষ্কার করেন।
তবে গণিত ছাড়া অন্য বিষয়গুলোতে তাঁর আগ্রহ ছিল না। ফলে তিনি কলেজের পরীক্ষায় বারবার ব্যর্থ হতেন। পরবর্তীতে জীবিকার জন্য তাঁকে ছোটখাটো চাকরি করতে হয়। কিন্তু এসব বাধা তাঁর গবেষণাকে থামাতে পারেনি। পরবর্তীতে তিনি তাঁর আবিষ্কৃত সূত্রসমূহ ইংল্যান্ডের বিখ্যাত গণিতবিদ G. H. Hardy-এর কাছে পাঠান। হার্ডি প্রথমে অবাক হয়ে যান। তিনি পরে বলেন, জীবনে এরকম মৌলিক চিন্তাশক্তি খুব কমই দেখেছেন। হার্ডির আমন্ত্রণে রামানুজন কেমব্রিজে যান এবং সেখানে অসংখ্য গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন।
আজ সংখ্যা তত্ত্ব, পার্টিশন থিওরি, মক থিটা ফাংশন(Mock Theta Function) এবং অসীম ধারার ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম। মাত্র ৩২ বছর বয়সে দুরারোগ্য রোগে তাঁর মৃত্যু হলেও তিনি গণিতের ইতিহাসে এক কিংবদন্তি হয়ে আছেন।
স্টিফেন বেন্যাক

স্টেফান বেন্যাকের জীবন ছিল অত্যন্ত ব্যতিক্রমী। ১৮৯২ সালে পোল্যান্ডে জন্ম নেওয়া এই গণিতবিদ কখনো আনুষ্ঠানিকভাবে গণিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেননি। তাঁর আগ্রহ ছিল প্রকৌশলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি নির্মাণকাজ ও অন্যান্য পেশায় যুক্ত ছিলেন। একদিন পার্কে বন্ধুর সঙ্গে গণিত নিয়ে আলোচনা করার সময় বিখ্যাত গণিতবিদ Hugo Steinhaus তাঁদের কথা শুনে মুগ্ধ হন। এই ঘটনাই স্টিফেনের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
Steinhaus তাঁকে গবেষণায় উৎসাহিত করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই স্টিফেন আধুনিক Functional Analysis-এর ভিত্তি নির্মাণ করেন। তাঁর নামে পরিচিত “Banach Space” আজ গণিত, কোয়ান্টাম মেকানিক্স, সিগন্যাল প্রসেসিং এবং অর্থনীতিসহ বহু ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বিশ্ববিদ্যালয়ে গণিতের ডিগ্রি ছাড়াই তিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গণিতবিদ হয়ে ওঠেন। তাঁর জীবন প্রমাণ করে যে প্রতিভা কখনও কখনও প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরেও বিকশিত হতে পারে।
অলিভার হেভিসাইড

অলিভার হেভিসাইডের গল্পও সমানভাবে অনুপ্রেরণামূলক। তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেন এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অল্প বয়সেই বিদ্যালয় ত্যাগ করেন। ফলে কোনো প্রকার উচ্চশিক্ষার সুযোগ তাঁর হয়নি।
তাঁর প্রথম চাকরি ছিল টেলিগ্রাফ অপারেটর হিসেবে। কিন্তু অবসর সময়ে তিনি নিজে নিজে গণিত ও পদার্থবিজ্ঞান অধ্যয়ন করতেন। বিশেষভাবে তিনি James Clerk Maxwell-এর তড়িৎচুম্বকত্ব তত্ত্ব নিয়ে গভীরভাবে গবেষণা করেন। ম্যাক্সওয়েলের মূল সমীকরণগুলো ছিল অত্যন্ত জটিল। হেভিসাইড সেগুলোকে সরলীকরণ করে এমন রূপ দেন যা আজও পদার্থবিজ্ঞান ও প্রকৌশলে ব্যবহৃত হয়। আধুনিক ভেক্টর ক্যালকুলাসের বিকাশেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
জীবদ্দশায় তিনি যথাযথ স্বীকৃতি পাননি। অনেক বিজ্ঞানী তাঁর কাজকে সন্দেহের চোখে দেখতেন। কিন্তু পরবর্তীকালে তাঁর অবদানের গুরুত্ব বিশ্বব্যাপী স্বীকৃত হয়।
মেরী এভারেস্ট বুল

গণিতের প্রসারে পুরুষের অবদানের পাশাপাশি মেয়েরাও পিছিয়ে নেয়। মেরি এভারেস্ট বুল ছিলেন বিখ্যাত গণিতবিদ George Boole-এর স্ত্রী। তবে তিনি শুধু একজন গণিতবিদের স্ত্রী হিসেবেই পরিচিত নন; গণিত শিক্ষার ক্ষেত্রে তাঁর নিজস্ব অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাঁর কোনো আনুষ্ঠানিক গণিত ডিগ্রি ছিল না। কিন্তু তিনি বিশ্বাস করতেন যে শিশুদের গণিত শেখানো উচিত হাতে-কলমে এবং সৃজনশীল উপায়ে। তিনি শিক্ষার্থীদের কল্পনাশক্তি ব্যবহার করে গণিত বোঝার ওপর গুরুত্ব দিতেন।
তাঁর উদ্ভাবিত অনেক শিক্ষণ পদ্ধতি আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি মনে করতেন, গণিত শুধু সূত্র মুখস্থ করার বিষয় নয়; বরং এটি চিন্তাশক্তি বিকাশের একটি মাধ্যম। নারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল এমন এক সময়ে তিনি গণিত শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ফ্লোরেন্স নাইটিঙ্গেল

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনলেই আমাদের মনে পড়ে আধুনিক নার্সিংয়ের জননীকে। কিন্তু তাঁর আরেকটি পরিচয় হলো তিনি ছিলেন একজন অসাধারণ পরিসংখ্যানবিদ।
ক্রিমিয়ার যুদ্ধে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন যে অধিকাংশ সৈনিক যুদ্ধক্ষেত্রে নয়, বরং সংক্রমণ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মারা যাচ্ছে। তিনি তথ্য সংগ্রহ করেন, সেগুলো বিশ্লেষণ করেন এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন। তাঁর তৈরি “Polar Area Diagram” বা “Coxcomb Chart” আধুনিক ডেটা ভিজ্যুয়ালাইজেশনের অন্যতম পূর্বসূরি হিসেবে বিবেচিত হয়। এই তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে তিনি ব্রিটিশ সরকারকে স্বাস্থ্যব্যবস্থা সংস্কারে বাধ্য করেন। তিনি প্রমাণ করেছিলেন যে সংখ্যা ও পরিসংখ্যান শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়; সঠিকভাবে ব্যবহার করলে তা মানুষের জীবন বাঁচাতেও পারে।।
এই মহান পাঁচজন গণিত বিশারদআমাদের কী শিক্ষা দেন?
প্রথমত, শেখার জন্য বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ হলেও সেটিই একমাত্র পথ নয়। প্রকৃত শিক্ষা শুরু হয় কৌতূহল থেকে আর প্রতিভা তখনই বিকশিত হয় যখন তার সঙ্গে কঠোর পরিশ্রম যুক্ত হয়। রামানুজন বেন্যাক কিংবা হেভিসাইড-কেউই সহজ পথ পাননি।
দ্বিতীয়ত, জ্ঞানের কোনো সীমানা নেই। একজন নার্সও পরিসংখ্যানের ইতিহাস বদলে দিতে পারেন, আবার একজন প্রকৌশল শিক্ষার্থীও আধুনিক গণিতের ভিত্তি নির্মাণ করতে পারেন।
সবশেষে, এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের সম্ভাবনা তার ডিগ্রি দ্বারা নির্ধারিত হয় না। ডিগ্রি সুযোগ তৈরি করতে পারে, কিন্তু কৌতূহল, অধ্যবসায় এবং সৃজনশীলতাই শেষ পর্যন্ত একজন মানুষকে অসাধারণ করে তোলে।
গণিতের ইতিহাসে এই পাঁচজনের নাম তাই শুধু তাঁদের আবিষ্কারের জন্য নয়, বরং জ্ঞান অর্জনের অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হিসেবেও চিরস্মরণীয় হয়ে থাকবে।
