সমুদ্রকে ঘিরে মানুষের কৌতূহল চিরন্তন। সেই কৌতূহলের একটি জনপ্রিয় বিষয় হলো বিশ্বের সবচেয়ে বড় দুই মহাসাগর, প্রশান্ত (Pacific Ocean) এবং আটলান্টিক (Atlantic Ocean), আদৌ কি একে অপরের সঙ্গে মিশে যায়? ইন্টারনেটে ছড়িয়ে থাকা অসংখ্য ছবি ও ভিডিওতে দেখা যায় সমুদ্রের মাঝখানে একটি স্পষ্ট রেখা যার একপাশের পানি গাঢ় নীল, আর অন্যপাশের পানি তুলনামূলক হালকা রঙের। অনেকেই এই দৃশ্য দেখে ধারণা করেন, এখানে হয়তো দুটি মহাসাগর পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু একে অপরের সঙ্গে মেশে না। এমনকি কেউ কেউ এটিকে প্রাকৃতিক প্রাচীর বলে দাবি করেন। কিন্তু বিজ্ঞান কী বলে? সত্যিই কি পৃথিবীর সমুদ্রগুলো আলাদা হয়ে থাকে? নাকি এটি কেবল একটি ভুল ধারণা?
বিজ্ঞানীরা খুব স্পষ্টভাবেই বলেছেন যে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর অবশ্যই মেশে, সব সময়ই মেশে। সমুদ্রের পানি কখনো স্থির থাকে না; সেখানে বাতাস, ঢেউ, স্রোত, জোয়ার–ভাটা এবং তাপমাত্রার পার্থক্যের কারণে অবিরত চলাচল ও মিশ্রণ ঘটে। তাহলে ইন্টারনেটে দেখা সেই রেখাগুলো কী? এগুলো কি শুধুই বিভ্রম? নাকি বিশেষ ভৌগোলিক ও পরিবেশগত অবস্থার কারণে সৃষ্ট সাময়িক বৈশিষ্ট্য?
প্রথমে বুঝতে হবে, সমুদ্রের পানির রং সব জায়গায় একই হয় না। কোথাও লবণাক্ততা বেশি, কোথাও কম, কোথাও পানি ঠান্ডা, কোথাও তুলনামূলক গরম, কোথাও নদীর মিঠাপানি এসে মেশে, আবার কোথাও হিমবাহের গলা বরফের পানি সমুদ্রে নেমে আসে। এসব ভিন্ন বৈশিষ্ট্যের পানি যখন পাশাপাশি থাকে, তখন তারা শুরুতে তৎক্ষণাৎ এক হয়ে যায় না। তাদের ঘনত্ব, তাপমাত্রা বা লবণাক্ততায় পার্থক্য থাকায় প্রথমে একটি দৃশ্যমান রেখা তৈরি হয়। এটি দেখতে অনেকটা কফিতে দুধ ফেলার মতো—দুধ এবং কফি আলাদা রঙে ঘুরতে থাকে, তারপর ধীরে ধীরে এক হয়ে যায়।
দক্ষিণ আমেরিকার একেবারে দক্ষিণ প্রান্তে, যেখানে মহাদেশ অসংখ্য ছোট দ্বীপে ভেঙে গেছে, সেখানে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মিলন ঘটে। এখানে Strait of Magellan এবং Beagle Channel-এর মতো জলপথে হিমবাহ থেকে আসা ফ্রেশ পানি সমুদ্রে মেশার সময় স্পষ্ট সীমারেখা তৈরি করে। এই জায়গাগুলোই ভাইরাল ভিডিওগুলোর মতো দৃশ্য তৈরি করার জন্য পৃথিবীর অন্যতম আদর্শ স্থান। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, এই রেখা আসলে মাত্র কিছু সময় থাকে, বাতাস ও ঢেউ বাড়লে পানি দ্রুত মিশে যায় এবং সেই সীমারেখা মুছে যায়।

পৃথিবীর অন্যতম উত্তাল সাগরপথ Drake Passage, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝখানে অবস্থিত। এখানে ঢেউ প্রায় ১৮ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এত শক্তিশালী ঢেউ ও স্রোত পানিকে প্রচণ্ডভাবে আঘাত করে, ফলে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর এখানে অত্যন্ত দ্রুত মিশে যায়। যত বড় ঢেউ, তত দ্রুত মিশ্রণ। তাই সমুদ্রের কোথাও যদি পানির রঙে পার্থক্য দেখা যায়, সেটি কখনো স্থায়ী নয়।
সমুদ্রের গভীর স্তরেও মিশ্রণ ঘটে। প্রতিদিনের জোয়ার–ভাটা সমুদ্রতলের অসমান জায়গায় পানি আঘাত করে এবং সেখানে প্রচুর টার্বুলেন্স বা অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলে নিচের স্তরের পানি ধীরে ধীরে উপরের স্তরের পানির সঙ্গে মেশে। তবে সমুদ্র পুরোপুরি একটি সমান তরল নয়। এখানে ভিন্ন ভিন্ন স্তর বা clines আছে যার প্রতিটির তাপমাত্রা, ঘনত্ব বা লবণাক্ততা আলাদা। ঠিক যেমন কেকের স্তর থাকে, তেমনি সমুদ্রেও পানি স্তরবদ্ধ হয়ে থাকে। মাঝের স্তরগুলোর মিশ্রণ তুলনামূলক ধীর হয়, কারণ সেখানে বাতাস ও ঢেউয়ের প্রভাব অনেক কম।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিশ্রণ এবং পানি বিনিময় দুটি এক নয়। মিশ্রণ বলতে বোঝায়, দুই রকম পানির বৈশিষ্ট্য পুরোপুরি এক হয়ে যাওয়া। যেমন কফিতে দুধ পুরোপুরি মিশে গেলে এক রঙের হয়। কিন্তু পানি বিনিময় বোঝায়, এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে পানি প্রবেশ করা, যদিও প্রথম অবস্থায় তারা নিজেদের বৈশিষ্ট্য ধরে রাখতে পারে। পৃথিবীর সমুদ্রধারাগুলো বা Global Ocean Currents প্রতি মুহূর্তে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরে এমন পানি-বিনিময় করছে।
অ্যান্টার্কটিকার চারপাশে প্রবাহিত শক্তিশালী Southern Ocean Current পৃথিবীর বিশাল পরিমাণ পানি টেনে নিয়ে এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে পুনর্বণ্টন করে। এই current প্রশান্ত থেকে আটলান্টিকে পানি নিয়ে যায় এবং আবার অন্য দিক থেকে আটলান্টিকে নতুন পানি ঢুকে ভারত মহাসাগর ও দক্ষিণ আফ্রিকার চারপাশ ঘুরে। এই বিশাল চলাচলের কারণে পৃথিবীর সব মহাসাগরই পরস্পরের সঙ্গে সংযুক্ত এবং কোনো সীমানা পুরোপুরি আলাদা অবস্থায় থাকে না।
তবে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এখন এই স্বাভাবিক বিনিময়কে ধীর করে দিচ্ছে। অ্যান্টার্কটিকার বরফ দ্রুত গলে গিয়ে সমুদ্রের উপরের স্তরকে আরও ঠান্ডা ও কম লবণাক্ত করে তুলছে। এই পানি তলদেশে ডুবে শক্তিশালী স্রোত তৈরি করার প্রক্রিয়াকে দুর্বল করছে। ফলে পৃথিবীর গভীর সমুদ্রধারাগুলো ধীরে চলতে শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন স্তরের ঘনত্বের পার্থক্য বেড়ে যাওয়ায় পানির মিশ্রণও আগের তুলনায় ধীর হচ্ছে। এর ফলে সমুদ্রের অক্সিজেন ও পুষ্টি পরিবহণে পরিবর্তন আসছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে।
তবুও সমুদ্র কোনোদিনই মিশ্রণ বন্ধ করবে না। যতদিন বাতাস বইবে, ঢেউ হবে, জোয়ার–ভাটা থাকবে সমুদ্রের পানি চলবে, মিশবে, বদলাবে। পৃথিবীর মহাসাগরগুলো মূলত একটি বিশাল বৈশ্বিক ব্যবস্থা, যেখানে সব অংশ একে অপরের সঙ্গে জুড়ে থাকে। তাই প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর মেশে না এই ধারণা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল।
ইন্টারনেটে দেখা রেখাগুলো প্রকৃতপক্ষে সাময়িক প্রাকৃতিক ঘটনা মাত্র, ভিন্ন রঙ, ভিন্ন লবণাক্ততা বা নদীর পানির প্রবাহের কারণে সেগুলো সৃষ্টি হয়। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় দুই মহাসাগর আসলে সব সময়ই পরস্পরের সঙ্গে যুক্ত এবং অবিরত একে অন্যের সঙ্গে মিশে চলেছে। বিজ্ঞান আমাদের স্পষ্টভাবে জানায় সমুদ্র কোনোদিন আলাদা থাকে না; বাতাস, ঢেউ ও স্রোতের ওপর ভর করে প্রতিটি মহাসাগরই পৃথিবীর অন্য সব সমুদ্রের সঙ্গে মিলেমিশে এক বিশাল জীবন্ত ব্যবস্থায় পরিণত হয়েছে।
