দিনের কোনো এক মুহূর্তে হঠাৎ মাথায় এলো “আমাকে দিয়ে আসলে কিচ্ছু হবে না।” কিংবা কোনো মেসেজের রিপ্লাই একটু দেরিতে আসায় ধরে নিলেন “ও বোধহয় আমাকে এড়িয়ে চলছে, সবাই আমাকে অপছন্দ করে।” ব্যস, এই একটা ছোট্ট চিন্তাই আপনার বুকটা ভারী করে দেওয়ার জন্য যথেষ্ট। এরপর মন খারাপ হলো, অলসতা জেঁকে বসল এবং আপনি সারাদিন বিছানায় শুয়ে কাটিয়ে দিলেন। দিনশেষে আপনার মনে হলো “দেখলে তো? আমি আসলেই একটা অপদার্থ!
কিন্তু আপনি কি জানেন? মনোবিজ্ঞান বলছে, আপনার মাথায় আসা এই ধরনের ৯৯% নেতিবাচক চিন্তাই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং আপনার নিজের মস্তিস্কের তৈরি এক বিশাল ফাঁদ!
বিশ্বাস হচ্ছে না? তবে প্রমাণটা দেখে নিন।
মনোবিজ্ঞানের অন্যতম কার্যকর থেরাপি কগনিটিভ বিহেভিওরাল থেরাপি আমাদের মনের এই ফাঁদটিকে একটি ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করে। এই থেরাপি অনুযায়ী, আমাদের জীবনের প্রতিটি দিন মূলত তিনটি উপাদানের চক্রে আবর্তিত হয়:
১. চিন্তা (Thoughts): আমরা আমাদের মনে মনে পরিস্থিতিটাকে কীভাবে ব্যাখ্যা করছি।
২. অনুভূতি (Feelings): সেই চিন্তার কারণে আমাদের মনের ভেতর তৈরি হওয়া আবেগ (যেমন: দুঃখ, রাগ বা একাকীত্ব)।
৩. আচরণ (Actions): মন খারাপের কারণে আমরা বাস্তবে যা করি (যেমন: সারাদিন রুম অন্ধকার করে শুয়ে থাকা)।
যখনই আপনার মাথায় একটা মিথ্যা নেতিবাচক চিন্তা আসে, সেটা চট করে আপনার মন খারাপ করিয়ে দেয়। আর মন খারাপ থাকলে আপনি কোনো কাজ না করে বিছানায় পড়ে থাকেন। যখন আপনি অলস বসে থাকেন, আপনার মস্তিস্ক তখন আরও নতুন নতুন নেতিবাচক চিন্তা তৈরি করার রসদ পেয়ে যায়।এভাবেই তৈরি হয় একটি অন্তহীন নেতিবাচক লুপ। আপনি আসলে কোনো ব্যর্থ মানুষ নন; আপনি স্রেফ আপনার মস্তিস্কের তৈরি এই অদৃশ্য লুপের ভেতরে বন্দী হয়ে গেছেন! এই চক্রটি যতটা বিপজ্জনক, এটি ভাঙা কিন্তু ততটাই সহজ। সিবিটি থেরাপির সবচেয়ে সুন্দর দিক হলো আপনি যদি এই ত্রিভুজের যেকোনো একটি কোণ জোর করে বদলে দিতে পারেন, তবে পুরো চক্রটি তাসের ঘরের মতো ভেঙে পড়বে।
এর জন্য দুটি সহজ হ্যাক ব্যবহার করতে পারেন:
১. আপনার চিন্তাকে আদালতে দাঁড় করান
মাথায় যখনই কোনো নেতিবাচক চিন্তা আসবে, সেটাকে পরম সত্য বলে ধরে নেবেন না। নিজেকে একজন কঠোর বিচারকের মতো প্রশ্ন করুন— এই ভাবনার পেছনে কি আসলেই কোনো বাস্তব প্রমাণ আছে, নাকি এটা আমার মনগড়া? আমাকে দিয়ে কিচ্ছু হবে না এই চিন্তার বদলে মস্তিস্ককে লজিক দিন আমি অতীতেও অনেক কঠিন কাজ সফলভাবে করেছি, এবারও চেষ্টা করলে পারব। চিন্তা বদলে গেলেই দেখবেন মন খারাপের অনুভূতি উধাও।
২. চিন্তা বদলাতে না পারলে, আগে আপনার ‘অ্যাকশন’ বদলে ফেলুন
অনেক সময় মন এতটাই বিষণ্ণ থাকে যে জোর করেও ইতিবাচক চিন্তা করা যায় না। মনোবিজ্ঞান বলে, তখন চিন্তার পেছনে সময় নষ্ট না করে সরাসরি আপনার শারীরিক অ্যাকশন বদলে ফেলুন।
ঝিম মেরে বিছানায় শুয়ে না থেকে জোর করে উঠে এক গ্লাস পানি খান, ঘরটা গুছিয়ে ফেলুন, ১০টা পুশ-আপ দিন কিংবা পছন্দের কোনো গান ছেড়ে একটু হাঁটাহাঁটি করুন। যখনই আপনার ফিজিক্যাল অ্যাকশন বদলে যাবে, আপনার মস্তিস্ক সাথে সাথে নতুন সিগন্যাল পাবে এবং বিষণ্ণতার লুপটি ভেঙে যাবে।
আমাদের মস্তিস্কের মূল কাজ আমাদের বাঁচিয়ে রাখা, আমাদের সুখী রাখা নয়। তাই সে প্রতিনিয়ত কাল্পনিক সব ভয় আর নেতিবাচক চিন্তা আমাদের সামনে ছুড়ে মারে।
