ধরুন, আপনি চাকরি পেয়ে কোনো প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। প্রথম দিন সবার সাথে পরিচয়ের সময় আপনার এক সহকর্মী বললেন, “বস কিন্তু খুব রাগী; তার থেকে সাবধানে থাকবেন।” আপনি সেই অনুযায়ী সবসময় বসের থেকে দূরত্ব বজায় রাখলেন। বেশ কিছুদিন পর কোনো কাজে যখন বসের সাথে মিলিত হওয়ার সুযোগ হলো, তখন দেখলেন বস মোটেই রাগী মানুষ নন। বরং তিনি অত্যন্ত সহানুভূতিশীল, সহযোগিতাপরায়ণ এবং ভালো মনের একজন মানুষ। এই আসল সত্যটা জানার আগ পর্যন্ত আপনার বসের প্রতি যে ধারণা ছিল, সেটাই বলা যায় Image of Enemy।
অর্থাৎ, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সম্পর্কে পর্যাপ্ত তথ্য বা অভিজ্ঞতা ছাড়া তাকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা।
আমাদের মস্তিষ্ক দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। ফলে আমরা অনেক সময় অন্যের কথায়, গুজবে, সমাজে প্রচলিত ধারণায় কিংবা অপর্যাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিচার করে ফেলি। মনোবিজ্ঞান এই ঘটনাকে Cognitive Bias বা জ্ঞানগত পক্ষপাত বলে আখ্যা দেয়, যা আমাদের বাস্তব ঘটনার বিচার করার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে।
এর ফলে, আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রকৃত চরিত্র বোঝার আগেই তার ব্যাপারে নেতিবাচক ধারণা তৈরি করে ফেলি। Image of Enemy কেবল ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আসছে বহু যুগ ধরে।
উদাহরণস্বরূপ, ২য় বিশ্বযুদ্ধের সময় জাপান ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে একে অপরকে নিয়ে নেতিবাচক ধারণা ছিল। উভয় পক্ষই প্রায়শই অপর পক্ষকে শত্রু মনে করত। কিন্তু পরে কূটনৈতিক আলাপচারিতা আর যোগাযোগের মাধ্যমে অনেক ভুল ধারণা দূর হয় এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। ফলে, জাপানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে খুবই ঘনিষ্ঠ। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে Image of Enemy-এর বাস্তব রূপ।
গবেষকরা বলছেন, এই মানসিক ধারণা মানুষের ইতিহাসে নতুন কিছু নয়। প্রাচীনকালে অনুমেয় বিপদ দ্রুত চিহ্নিত করা এবং তার থেকে বাঁচার জন্য এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে বিবেচিত ছিল। তাই মানুষের মস্তিষ্ক অনেক সময় অপরিচিত ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। যদিও এই বৈশিষ্ট্য একসময় কার্যকর ছিল, আধুনিক সমাজে এটি প্রায়ই ভুল বোঝাবুঝি, বৈষম্য, সামাজিক বিভাজন এবং অপ্রয়োজনীয় দ্বন্দ্বের কারণ হিসেবে প্রতীয়মান হচ্ছে।
এই মানসিক প্রবণতা থেকে মুক্তির জন্য প্রয়োজন গঠনমূলক চিন্তাভাবনা, তথ্যনির্ভর মূল্যায়ন এবং সরাসরি কথোপকথনের মূল্য দেওয়া। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা প্রয়োজন। এতে পূর্বে তৈরি হওয়া অসত্য ধারণা কমে যায় এবং বোঝাপড়া বৃদ্ধি পায়।
পরিশেষে আমরা বলতে পারি, Image of Enemy হলো একটি মানসিক অবস্থা যেখানে আমরা কাউকে সঠিকভাবে না জেনে তার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করে ফেলি।সচেতনতা, উন্মুক্ত মনোভাব এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই বিষয়টি মোকাবেলা করা সম্ভব। এতে ব্যক্তি, সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কগুলোতে একটি ইতিবাচক, সহনশীল এবং গঠনমূলক পরিবেশ সৃষ্টি হতে পারে।
