মানুষের মস্তিষ্ক শুধু জ্ঞান, যুক্তি কিংবা আবেগের কেন্দ্র নয়, এটি একইসঙ্গে আমাদের আচরণ, চিন্তা ও সিদ্ধান্তের সূক্ষ্ম নিয়ন্ত্রকও। কখনো কখনো এই নিয়ন্ত্রণ ব্যবস্থায় ভারসাম্যের ঘাটতি দেখা দিলে আমাদের মনের ভেতর এমন সব চিন্তা জন্ম নিতে পারে যা আমরা চাই না অথচ বারবার ফিরে আসে। এই চিন্তাগুলো আমাদেরকে মানসিকভাবে অস্থির করে তোলে আর সেই অস্থিরতা থেকে মুক্তি পেতে আমরা অজান্তেই কিছু নির্দিষ্ট আচরণ বা কাজ বারবার করতে থাকি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকেই বলা হয় অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার বা সংক্ষেপে OCD।
আজকের যুগে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়লেও OCD এখনো অনেকের কাছে অস্পষ্ট এক শব্দ। অনেকে একে কেবল অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রবণতা ভেবে বসেন, আবার কেউ মনে করেন এটি শুধুই খুঁতখুঁতে স্বভাব। বাস্তবে OCD এর বিস্তৃতি অনেক গভীর এবং এটি একেবারেই সাধারণ বৈশিষ্ট্যের মতো নয়। এটি একটি জটিল মানসিক ব্যাধি যার পিছনে আছে জেনেটিক, স্নায়ুবৈজ্ঞানিক এবং পরিবেশগত নানা কারণ।
OCD কী এবং এর প্রধান লক্ষণ
OCD মূলত দুইটি দিক নিয়ে গঠিত। একদিকে রয়েছে Obsession এবং অন্যদিকে Compulsion।
Obsession হলো অবাঞ্ছিত, অনিচ্ছুক, বারবার আসা চিন্তা, ছবি বা তাড়না যা আমাদের মনে উদ্বেগ তৈরি করে। যেমন বারবার মনে হওয়া যে দরজার তালা ঠিকমতো লাগানো হয়নি, বা কারও ক্ষতি হয়ে যেতে পারে।
Compulsion হলো সেই উদ্বেগ কমাতে নির্দিষ্ট কিছু কাজ বা আচরণ বারবার করে যাওয়া। যেমন: দরজা বারবার পরীক্ষা করা, হাত ধোয়া, জিনিসপত্র নির্দিষ্টভাবে সাজানো বা গোছানাে।
এই আচরণগুলো সাময়িক স্বস্তি দিলেও মূল সমস্যাকে সমাধান করতে পারে না। বরং দিনে দিনে এরা জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। একজন ব্যক্তি যদি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এই কাজগুলো করতে বাধ্য হন, তবে স্বাভাবিক পড়াশোনা, কাজ, এমনকি পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়।
কতটা সাধারণ এই রোগ?
বিশ্বব্যাপী জনসংখ্যার প্রায় ১ থেকে ৩ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে OCD তে আক্রান্ত হন। যুক্তরাষ্ট্রে করা এক সমীক্ষায় দেখা গেছে প্রায় ২.৩ শতাংশ মানুষের জীবনে অন্তত একবার OCD এর অভিজ্ঞতা হয়। অর্থাৎ গড়ে প্রতি ৪০ জনে একজন। এটি শিশু, কিশোর এবং প্রাপ্তবয়স্ক অর্থাৎ সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়, তবে সাধারণত কৈশোরের শেষ ভাগ থেকে প্রাপ্তবয়স্ক বয়সের শুরুতেই লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।
বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার মতো অঞ্চলে OCD নিয়ে পর্যাপ্ত গবেষণা না থাকলেও চিকিৎসকদের ধারনানুযায়ী এখানেও আক্রান্তের সংখ্যা কম নয়। বরং সামাজিক কুসংস্কার ও মানসিক রোগ নিয়ে লজ্জাবোধের কারণে অনেকে চিকিৎসা নেন না। ফলে প্রকৃত সংখ্যা প্রকাশিত পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে।
কেন হয় OCD?
OCD হওয়ার পেছনে কোনো একক কারণ নেই। বরং এটি একটি বহুমুখী ব্যাধি, যেখানে জেনেটিক প্রবণতা, মস্তিষ্কের ভেতরের স্নায়ুবিক ক্রিয়া, নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহকের ভারসাম্যহীনতা এবং পরিবেশগত চাপ একসঙ্গে কাজ করে।
জেনেটিক প্রভাব
গবেষণায় দেখা গেছে, যদি পরিবারের কারও OCD থাকে, তবে একই পরিবারের অন্যদের এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যমজ নিয়ে করা গবেষণাও প্রমাণ করেছে যে জিনের প্রভাব এখানে গুরুত্বপূর্ণ। তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট OCD জিন চিহ্নিত হয়নি বরং একাধিক জিন একসঙ্গে মিলে ঝুঁকি বাড়ায়।
স্নায়ুবৈজ্ঞানিক কারণ ও রাসায়নিক ভারসাম্যহীনতা
OCD-এর মূল রহস্য লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতরের জটিল স্নায়ুব্যবস্থায়। বিশেষত cortico-striato-thalamo-cortical (CSTC) সার্কিট নামের একটি স্নায়ুবৃত্তকে এখানে প্রধান ভূমিকা পালন করতে দেখা যায়। এই সার্কিট মস্তিষ্কের কয়েকটি অংশকে যুক্ত করে—অরবিটোফ্রন্টাল কর্টেক্স (orbitofrontal cortex), অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স (anterior cingulate cortex), স্ট্রায়াটাম (striatum) এবং থ্যালামাস (thalamus)। স্বাভাবিকভাবে এই সার্কিট আমাদের চিন্তাকে ফিল্টার করে অর্থাৎ কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়ার যোগ্য আর কোনগুলো অপ্রয়োজনীয় তা নির্ধারণ করে। কিন্তু OCD রোগীদের ক্ষেত্রে এই সার্কিটে অতিরিক্ত সক্রিয়তা দেখা যায়। ফলে যেসব চিন্তা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়, সেগুলো বারবার মাথায় ফিরে আসে এবং দমিয়ে রাখা যায় না।
নিউরোইমেজিং প্রযুক্তি, যেমন fMRI বা PET scan, ব্যবহার করে করা গবেষণায় দেখা গেছে OCD রোগীদের Orbitofrontal cortex ও Striatum অনেক বেশি সক্রিয় থাকে। এর ফলে সামান্য উদ্বেগও মস্তিষ্ক বাড়িয়ে তোলে, আর সেই উদ্বেগ কমাতে compulsive আচরণ চালু হয়। উদাহরণস্বরূপ, দরজা বন্ধ আছে কি না তা যাচাই করার দরকার সাধারণত একবারই হয়, কিন্তু এই সার্কিটের ত্রুটির কারণে মস্তিষ্ক বারবার সংকেত পাঠায় যেন আবার পরীক্ষা করা হয়।
এছাড়া নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক বার্তাবাহকের ভারসাম্যহীনতাও স্নায়ুবৈজ্ঞানিক কারণের অংশ। বহুদিন ধরে সেরোটোনিনকে এ ক্ষেত্রে প্রধান দায়ী মনে করা হলেও সাম্প্রতিক গবেষণা বলছে গ্লুটামেট এবং ডোপামিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লুটামেট মূলত মস্তিষ্কের উত্তেজক সংকেত নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত গ্লুটামেট কার্যকলাপ স্নায়ুবৃত্তকে অস্বাভাবিকভাবে সক্রিয় করে তুলতে পারে, যা OCD-এর উপসর্গ বাড়ায়। অন্যদিকে ডোপামিনের ভারসাম্যহীনতা compulsive আচরণকে শক্তিশালী করে, যেন মস্তিষ্ক পুরস্কার পাচ্ছে যখন কোনো নির্দিষ্ট কাজ বারবার করা হয়।
আরেকটি আলোচিত বিষয় হলো মস্তিষ্কের গ্লিয়াল সেল বা astrocyte-এর ভূমিকা। সাম্প্রতিক কিছু গবেষণা বলছে শুধু নিউরনই নয় বরং এসব সহায়ক কোষও OCD-এর জটিল প্রক্রিয়ায় যুক্ত। এরা যদি স্বাভাবিকভাবে কাজ না করে তবে স্নায়ু সিগন্যালের সামঞ্জস্য নষ্ট হয় এবং compulsive আচরণ আরও তীব্র হয়ে ওঠে।
সব মিলিয়ে বলা যায়, OCD হলো এক ধরনের সার্কিট সমস্যা। যেখানে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণ ও আবেগ নিয়ন্ত্রণের ব্যবস্থা বারবার ভুল সংকেত পাঠায়, ফলে মানুষ এক অনন্ত লুপে আটকে যায় আর অবসেশন তৈরি হয়, উদ্বেগ বাড়ে, compulsive কাজ করা হয়, সাময়িক স্বস্তি আসে, আবার একই চিন্তা ফিরে আসে।
পরিবেশগত কারণ
OCD কেবল জিন বা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের ফলাফল নয়, জীবনের পরিবেশও এতে বড় ভূমিকা রাখে। অর্থাৎ আমরা যেসব অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই, যেসব চাপ বা আঘাতের মুখোমুখি হই এমনকি পরিবার বা সমাজের প্রভাব এসব মিলিয়েই অনেক ক্ষেত্রে OCD-এর উপসর্গ শুরু হয় কিংবা বেড়ে যায়।
মানসিক চাপ ও ট্রমা
শৈশবে বড় ধরনের মানসিক আঘাত, যেমন অভিভাবকের মৃত্যু, পরিবারের মধ্যে সহিংসতা, অবহেলা বা নির্যাতন পরবর্তীতে মানসিক রোগের ঝুঁকি বাড়ায়। যারা আগেই কিছুটা উদ্বেগপ্রবণ বা পারফেকশনিস্ট স্বভাবের তাদের জন্য এসব অভিজ্ঞতা OCD-এর ট্রিগার হতে পারে। যেমন, শৈশবে কারও যদি বারবার শোনা হয় যে সবকিছু নিখুঁত না হলে খারাপ হবে তবে প্রাপ্তবয়স্ক অবস্থায় সে পরিষ্কার-পরিচ্ছন্নতা বা কাজের পরিপূর্ণতা নিয়ে অস্বাভাবিক মাত্রার চিন্তায় ভুগতে পারে।
অভ্যাস ও শেখা আচরণ
পরিবেশ থেকে শেখাও একটি বড় কারণ। যদি কোনো শিশু দেখে যে তার আশেপাশের কেউ অতিরিক্ত হাত ধোয়, তালা বারবার পরীক্ষা করে বা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলতে জোরাজুরি করে তবে সেই শিশু এসব আচরণ শিখে ফেলতে পারে। যদিও সবার মধ্যে এটি রোগে রূপ নেয় না কিন্তু যাদের মধ্যে জেনেটিক ঝুঁকি আছে তাদের ক্ষেত্রে এটি OCD হয়ে উঠতে পারে।
জীবনের চাপপূর্ণ ঘটনা
জীবনের বড় পরিবর্তন যেমন নতুন স্কুল বা কর্মক্ষেত্রে যোগদান, বিয়ে, সন্তানের জন্ম, কিংবা হঠাৎ অর্থনৈতিক সংকট এসবও OCD-এর উপসর্গ শুরু করতে পারে। অনেক সময় এ ধরনের ঘটনাগুলো বিদ্যমান লক্ষণকে আরও তীব্র করে তোলে।
সংক্রমণ ও শারীরিক অসুস্থতা
কিছু শিশু বা কিশোরের ক্ষেত্রে হঠাৎ সংক্রমণ (যেমন স্ট্রেপটোকক্কাল সংক্রমণ) পরবর্তীতে OCD-এর মতো লক্ষণ তৈরি করতে পারে। এটিকে বলা হয় PANDAS অর্থাৎ Pediatric Autoimmune Neuropsychiatric Disorders Associated with Streptococcal infections। যদিও বিষয়টি এখনো গবেষণার পর্যায়ে এবং বিতর্কিত, তবুও অনেক ক্লিনিশিয়ান মনে করেন এটি কিছু শিশুর OCD-এর শুরুতে ভূমিকা রাখতে পারে।
সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব
সমাজে যেসব বিশ্বাস, কুসংস্কার বা সামাজিক চাপ প্রচলিত থাকে তা OCD-এর রূপকে প্রভাবিত করতে পারে। যেমন ধর্মীয়ভাবে কঠোর পরিবেশে কেউ কেউ বারবার মনে করতে পারেন যে তারা কোনো গুরুতর পাপ করছেন, আর সেই ভয়ে অসংখ্যবার প্রার্থনা বা শুদ্ধিকরণের কাজ করতে পারেন। অন্যদিকে যেসব সমাজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্ব পায়, সেখানে হাত ধোয়া বা ধুলোমুক্ত থাকার মতো compulsive আচরণ বেশি দেখা যেতে পারে।
সব মিলিয়ে বলা যায়, পরিবেশগত কারণগুলো একা OCD সৃষ্টি করে না, বরং মস্তিষ্কের ভেতরের জেনেটিক ও স্নায়ুবৈজ্ঞানিক দুর্বলতাকে সক্রিয় করে তোলে। সহজভাবে বলতে গেলে, মস্তিষ্কে যদি বীজ থাকে তবে জীবনের চাপ, আঘাত বা সামাজিক প্রভাব সেই বীজকে বেড়ে উঠতে সাহায্য করে।
OCD নির্ণয় ও চিকিৎসা
OCD নির্ণয়ের জন্য কোনো ল্যাব টেস্ট নেই। এটি বোঝা যায় মূলত রোগীর কার্যাবলি, উপসর্গ এবং আচরণ পর্যবেক্ষণ করে। DSM-5 বা ICD-10 এর মতো মানদণ্ড ব্যবহার করে চিকিৎসকরা নিশ্চিত হন। চিকিৎসার মূলভিত্তি হলো দুটি মনোচিকিৎসা এবং ঔষধ।
কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT)
OCD চিকিৎসায় সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো Exposure and Response Prevention (ERP) নামের একটি থেরাপি। এতে রোগীকে ধীরে ধীরে তার ভয় বা উদ্বেগের মুখোমুখি করা হয় এবং তাকে শেখানো হয় compulsive আচরণ না করতে। সময়ের সাথে মস্তিষ্ক শিখে যায় যে ভয়ঙ্কর কিছু ঘটবে না। বহু গবেষণায় প্রমাণিত, ERP দীর্ঘমেয়াদে OCD নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর।
যাদের সাধারণ চিকিৎসায় উপকার হয় না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। যেমন: অন্য ওষুধ যোগ করা, রি-পেটিটিভ ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, এমনকি বিরল ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন। যদিও এসব পদ্ধতি এখনো সীমিত ও পরীক্ষামূলক পর্যায়ে।
বিতর্ক ও চলমান গবেষণা
OCD নিয়ে চিকিৎসাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের জগতে বহু বছর ধরেই গবেষণা চলছে। এতদিনের অগ্রগতিতে আমরা অনেক কিছু জানলেও এখনো অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত রয়ে গেছে। ফলে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধও রয়েছে।
সেরোটোনিন না গ্লুটামেট কোনটি মূল কারণ?
দীর্ঘদিন ধরে OCD-এর চিকিৎসা মূলত সেরোটোনিনের ঘাটতি তত্ত্বের ওপর দাঁড়িয়ে। কারণ, সেরোটোনিন রিপটেক ইনহিবিটার (SSRI) জাতীয় ওষুধে অনেক রোগীর উপকার হয়। কিন্তু একই সঙ্গে বহু রোগী আবার এসব ওষুধে আশানুরূপ সাড়া পান না। তাই গবেষকরা বলছেন, সেরোটোনিন একমাত্র কারণ নয়। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে গ্লুটামেট নামের আরেকটি নিউরোট্রান্সমিটার অস্বাভাবিক মাত্রায় সক্রিয় থাকে OCD রোগীদের মস্তিষ্কে। এখন প্রশ্ন হলো আসল চালিকা শক্তি কি সেরোটোনিন, নাকি গ্লুটামেট? নাকি দুটোই পরস্পরকে প্রভাবিত করে? এ নিয়ে বিতর্ক এখনো জোরালো।
বায়োমার্কার খোঁজার প্রচেষ্টা
আধুনিক চিকিৎসাবিজ্ঞান ধীরে ধীরে “একই রোগ, সবার জন্য একই চিকিৎসা” নীতির বাইরে যেতে চাইছে। এখন লক্ষ্য হলো precision medicine অর্থাৎ রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্য, জিন, মস্তিষ্কের গঠন, এমনকি রক্তের রাসায়নিক সংকেত দেখে চিকিৎসা নির্ধারণ করা। OCD নিয়ে বিজ্ঞানীরা নানা বায়োমার্কার খুঁজছেন যেমন জেনেটিক ভ্যারিয়েশন, মাইক্রো-আরএনএ বা মস্তিষ্কের স্ক্যানিং প্যাটার্ন। তবে এখনো কোনো নির্ভরযোগ্য বায়োমার্কার পাওয়া যায়নি। ফলে গবেষণা চলছে, কিন্তু ব্যবহারিক প্রয়োগ এখনো সম্ভব হয়নি।
শিশুদের ক্ষেত্রে PANDAS তত্ত্ব
শিশুদের হঠাৎ OCD-এর মতো লক্ষণ তৈরি হওয়া নিয়ে একটি বিতর্কিত তত্ত্ব হলো PANDAS। এতে বলা হয়, স্ট্রেপটোকক্কাল সংক্রমণ শরীরে অটোইমিউন প্রতিক্রিয়া তৈরি করে এবং তা মস্তিষ্ককে প্রভাবিত করে OCD-এর মতো লক্ষণ শুরু করতে পারে। কেউ কেউ এটিকে বৈজ্ঞানিকভাবে যথেষ্ট প্রমাণিত মনে করেন, আবার অনেকেই বলছেন এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ নেই। ফলে এটি এখনও শিশুদের OCD গবেষণার বড় বিতর্ক হয়ে আছে।
চিকিৎসায় নতুন প্রযুক্তির ব্যবহার
প্রচলিত চিকিৎসায় কাজ না করা রোগীদের জন্য নতুন পদ্ধতি যেমন repetitive Transcranial Magnetic Stimulation (rTMS) বা Deep Brain Stimulation (DBS) এখন আলোচনায় আছে। এসব প্রযুক্তি মস্তিষ্কের নির্দিষ্ট অংশে বৈদ্যুতিক বা চৌম্বকীয় উদ্দীপনা পাঠিয়ে সার্কিটকে স্বাভাবিক করার চেষ্টা করে। কিছু গবেষণায় ইতিবাচক ফল মিললেও এখনো এটি সীমিত ও ব্যয়বহুল। বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক হলো এসব পদ্ধতিকে সাধারণ চিকিৎসায় আনা হবে কি না, নাকি শুধু গুরুতর ক্ষেত্রে রাখা উচিত।
জীবনধারা ও পরিবেশের ভূমিকা
গবেষকরা বর্তমানে ভাবছেন, শুধু ওষুধ বা থেরাপি নয় জীবনধারার পরিবর্তনও OCD নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে কি না তা নিয়ে। যেমন ব্যায়াম, ঘুমের নিয়মিততা, খাদ্যাভ্যাস, এমনকি মাইন্ডফুলনেস মেডিটেশন এসবকে নিয়ে পরীক্ষামূলক গবেষণা চলছে। যদিও অনেকের মতে এগুলো সহায়ক মাত্র, আবার কেউ কেউ মনে করেন ভবিষ্যতে এগুলো মূল চিকিৎসার অংশ হয়ে উঠতে পারে।
সব মিলিয়ে বলা যায়, OCD নিয়ে গবেষণা প্রতিনিয়ত নতুন দিগন্ত খুলছে। তবে এখনো কোনো একটি তত্ত্ব বা চিকিৎসা সর্বজনীন সমাধান দিতে পারেনি। ভবিষ্যতে হয়তো জেনেটিক, স্নায়ুবৈজ্ঞানিক এবং পরিবেশগত সব তথ্য একত্রিত করে ব্যক্তিভেদে আলাদা আলাদা চিকিৎসা তৈরি করা সম্ভব হবে।
বাস্তব জীবনের প্রভাব
OCD-এর সবচেয়ে বড় জটিলতা হলো এটি ধীরে ধীরে একজন মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি অংশকে প্রভাবিত করতে শুরু করে। যেহেতু এই রোগে আক্রান্ত ব্যক্তির চিন্তা ও আচরণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তাই পড়াশোনা, কাজ, পরিবার, সামাজিক সম্পর্ক সব ক্ষেত্রেই ভোগান্তি তৈরি হয়।
শিক্ষার্থীদের জন্য OCD একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বারবার নোট চেক করা, পরীক্ষার খাতা ঠিকঠাক আছে কি না তা নিয়ে আতঙ্কিত থাকা, কিংবা এক বাক্য বারবার পড়েও মনোযোগ ধরে রাখতে না পারা এসব কারণে শিক্ষাগত সাফল্য ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক শিক্ষার্থী OCD-র কারণে সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে না, আবার কেউ কেউ পরীক্ষায় বসার আগেই তীব্র উদ্বেগে ভেঙে পড়েন। এর ফলে পড়াশোনার অগ্রগতি থেমে যায়, এবং আত্মবিশ্বাসও নষ্ট হয়।
যারা চাকরি করেন, তাদের জন্য OCD আরও কঠিন হয়ে ওঠে। কাজের মধ্যে বারবার ফাইল চেক করা, মেইল সঠিকভাবে পাঠানো হয়েছে কি না বারবার যাচাই করা, কিংবা দরজা-জানালা বন্ধ হয়েছে কি না ঘনঘন উঠে গিয়ে দেখা এসব কারণে উৎপাদনশীলতা অনেক কমে যায়। অনেক সময় সহকর্মী বা বসের কাছে এটি অদ্ভুত মনে হয় এবং পেশাগত সম্পর্ক নষ্ট হয়। কিছু মানুষ আবার কাজ ফেলে রাখেন শুধু এই ভয়ে যে, কোনো ভুল হয়ে গেলে ভয়াবহ কিছু ঘটবে। ফলে ক্যারিয়ার অগ্রগতি থেমে যায়।
OCD আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরাও প্রচণ্ড চাপের মধ্যে থাকেন। যেমন, কেউ যদি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হন, তবে তিনি পরিবারের সবাইকে তার নিয়ম মেনে চলতে বাধ্য করেন। এতে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। কেউ কেউ আবার নিরাপত্তা নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকেন যেমন, বারবার চুলা বন্ধ করা হয়েছে কি না চেক করা। এসব আচরণ পরিবারের অন্য সদস্যদের বিরক্তি ও মানসিক চাপের কারণ হয়। অনেক ক্ষেত্রে স্বামী-স্ত্রীর সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।
বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া, পার্টিতে যোগ দেওয়া, কিংবা সাধারণ সামাজিক আড্ডাতেও OCD রোগীরা অনেক সময় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কারণ, তারা ভয় পান যে তাদের অদ্ভুত আচরণ (যেমন বারবার হাত ধোয়া, কিছু জিনিস না ছুঁতে চাওয়া বা কোনো নির্দিষ্ট রুটিন ভাঙতে না চাওয়া) অন্যদের চোখে ধরা পড়বে। এর ফলে অনেক সময় তারা একা হয়ে যান, সামাজিক মেলামেশা এড়িয়ে চলেন, এমনকি ডিপ্রেশনে ভুগতে শুরু করেন।
চিকিৎসা, থেরাপি, ওষুধ এসবের খরচ অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি হয়ে যায়। আবার কাজের উৎপাদনশীলতা কমে গেলে অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটে। বিশেষ করে যাদের অবসেসিভ আচরণ কেনাকাটার সঙ্গে যুক্ত, যেমন একই জিনিস বারবার কেনা বা পরিষ্কার করার উপকরণে অতিরিক্ত অর্থ ব্যয় করা তাদের ক্ষেত্রে অর্থনৈতিক চাপ আরও বেড়ে যায়।
সব মিলিয়ে দেখা যায়, OCD শুধুমাত্র একটি মানসিক রোগ নয়; এটি ব্যক্তির সম্পূর্ণ জীবনব্যবস্থা বদলে দেয়। রোগী শুধু নিজের সঙ্গেই যুদ্ধ করেন না, বরং তার চারপাশের মানুষদেরও মানসিক ও সামাজিক চাপে ফেলে দেন।
OCD থেকে বাঁচার সহজ ও ঘরোয়া মাধ্যম
OCD একটি গুরুতর মানসিক সমস্যা হলেও অনেক সময় কিছু সহজ জীবনধারার পরিবর্তন ও ঘরোয়া পদ্ধতি রোগীকে উল্লেখযোগ্য স্বস্তি দিতে পারে। চিকিৎসকের পরামর্শ ও থেরাপি অবশ্যই প্রধান সমাধান, তবে ঘরোয়া উপায়গুলো সম্পূরক হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
নিয়মিত রুটিন তৈরি
OCD আক্রান্তরা প্রায়ই অগোছালো দৈনন্দিনতায় বেশি ভোগেন। তাই প্রতিদিনের জন্য একটি স্থায়ী রুটিন বানানো অর্থাৎ কখন ঘুম থেকে উঠবেন, কখন খাবেন, কখন পড়াশোনা বা কাজ করবেন এবং কখন বিশ্রাম নেবেন এসব নির্দিষ্ট থাকলে মন অনেকটা শান্ত হয়।
গভীর শ্বাস-প্রশ্বাস ও মেডিটেশন
OCD রোগীরা সাধারণত উদ্বেগ ও দুশ্চিন্তায় বেশি ভোগেন। প্রতিদিন কয়েক মিনিট গভীর শ্বাস-প্রশ্বাস অনুশীলন বা মাইন্ডফুলনেস মেডিটেশন করলে মস্তিষ্কের উত্তেজনা কমে যায়। সহজভাবে বলা যায় একটা শান্ত জায়গায় বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার অভ্যাস করলে চিন্তার ঝড় অনেকটাই প্রশমিত হয়।
নিয়মিত ব্যায়াম
গবেষণায় দেখা গেছে, নিয়মিত শারীরিক ব্যায়াম মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন নামক রাসায়নিকের কার্যকারিতা বাড়ায়, যা OCD-এর লক্ষণ হ্রাস করতে সাহায্য করে। তাই হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা হালকা ফিজিক্যাল এক্সারসাইজকে প্রতিদিনের অংশ করা উপকারী।
পর্যাপ্ত ঘুম
অপর্যাপ্ত ঘুম বা রাত জাগা OCD রোগীদের উপসর্গ বাড়িয়ে দেয়। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমের নিয়ম বজায় রাখলে মানসিক চাপ অনেকটা কমে। ঘুমানোর আগে মোবাইল বা টিভি এড়িয়ে চলা এবং নির্দিষ্ট সময়ে শুতে যাওয়া এতে সহায়ক।
ক্যাফেইন ও নিকোটিন কমানো
অতিরিক্ত কফি, চা বা ধূমপান স্নায়ুকে উত্তেজিত করে এবং উদ্বেগ বাড়ায়। OCD রোগীরা যদি এসবের ব্যবহার কমিয়ে আনতে পারেন তবে তাদের লক্ষণ অনেকটাই হ্রাস পেতে পারে।
লেখালেখি ও জার্নালিং
যারা মাথার ভেতরে অগণিত চিন্তায় জর্জরিত থাকেন, তাদের জন্য ডায়েরি বা নোটবুকে সেসব চিন্তা লিখে রাখা উপকারী হতে পারে। এতে মনে হয় যেন চিন্তার চাপ বাইরে চলে গেছে, আর মাথায় কম ঘুরপাক খায়।
সাপোর্ট সিস্টেম তৈরি
পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে খোলাখুলি আলোচনা করা, তাদের কাছে নিজের সমস্যার কথা বললে এটি মানসিক চাপ কমাবে। অনেক সময় রোগীরা মনে করেন তারা একা লড়াই করছেন, কিন্তু ঘনিষ্ঠজনদের সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।
ধীরে ধীরে ভয়ের মুখোমুখি হওয়া
OCD আক্রান্তদের অনেক আচরণ ভয়ের কারণে গড়ে ওঠে। যেমন, হাত না ধুলে রোগ হবে এই ভীতি। এসব থেকে বের হতে ধীরে ধীরে ছোট ছোট চ্যালেঞ্জ নিতে হয় যেমন একবার হাত না ধুয়ে থাকা, তারপর ধীরে ধীরে সময় বাড়ানো। তবে এটি একা নয়, বরং চিকিৎসকের তত্ত্বাবধানে করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
সর্বশেষ
অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার বা OCD হলো একটি বাস্তব, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মানসিক ব্যাধি। এটি কেবল খুঁতখুঁতে স্বভাব নয়, বরং এমন এক জটিল অবস্থা যা মানুষের চিন্তা, আচরণ ও জীবনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। এর কারণ বহুমাত্রিক যেমন জেনেটিক প্রবণতা, স্নায়ুবৈজ্ঞানিক ত্রুটি, রাসায়নিক ভারসাম্যহীনতা ও পরিবেশগত চাপ একসাথে কাজ করে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এই ব্যাধির সাথে লড়াই করছেন।
সুখবর হলো আজকের দিনে কার্যকর চিকিৎসা রয়েছে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং সঠিক ওষুধের মাধ্যমে অধিকাংশ রোগীই উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেন। তবে সচেতনতা, সময়মতো সঠিক চিকিৎসা এবং পরিবার-সমাজের সহায়তা অত্যন্ত জরুরি।
আমাদের সমাজে এখনো মানসিক রোগ নিয়ে কুসংস্কার বিদ্যমান। তাই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের পাশে দাঁড়ানো। মনে রাখতে হবে, OCD কোনো দুর্বলতা নয়, এটি একটি রোগ এবং রোগের যেমন চিকিৎসা আছে, OCD’রও চিকিৎসা সম্ভব। সঠিক সময়ে পদক্ষেপ নিলে একজন মানুষ আবারও স্বাভাবিক, পরিপূর্ণ জীবন ফিরে পেতে পারেন।
লেখা : ইমাম হোসাইন আনজির, খালিদ হাসান, ইয়ামিন মজুমদার
তথ্যসূত্র :
1. Mayo Clinic – Obsessive-Compulsive Disorder (OCD)
2. National Institute of Mental Health (NIMH), USA
3. World Health Organization (WHO) – Mental Health
4. American Psychiatric Association (APA) – DSM-5 Definition of OCD
5. National Health Service (NHS, UK) – OCD Overview
