কল্পনা করুন, আপনি একটি লিফটে উঠেছেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। আপনার কি মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে? হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে? বুক প্রচণ্ড ধড়ফড় করছে? যদি আপনার উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে আপনি একা নন!
ভয় মানুষের একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় আবেগ। বিপদ থেকে নিজেকে রক্ষা করার জন্য ভয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, আগুন, বিষাক্ত প্রাণী বা বিপজ্জনক পরিস্থিতির প্রতি ভয় মানুষকে সতর্ক থাকতে সাহায্য করে। এই স্বাভাবিক ভয়ই আমাদের টিকে থাকার জন্য বিবর্তনের ধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সব ভয় একই রকম নয়। কখনো কখনো কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, পরিস্থিতি বা পরিবেশের প্রতি ভয় এতটাই তীব্র হয়ে ওঠে যে তা বাস্তব বিপদের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায়। এমনকি মানুষ জানে যে তার ভয় অযৌক্তিক বা অতিরঞ্জিত, তবুও সে সেটি নিয়ন্ত্রণ করতে পারে না। এর ফলে দৈনন্দিন কাজকর্ম, সামাজিক জীবন, শিক্ষা, পেশা এবং ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের তীব্র, স্থায়ী এবং নিয়ন্ত্রণ করা কঠিন ভয়কে বলা হয় ফোবিয়া (Phobia)।
ফোবিয়া মানে শুধু ভয় নয়। এর সাথে জড়িয়ে থাকে অকারণ দুশ্চিন্তা, আতঙ্ক আর তীব্র অস্বস্তি। আর এ কারণেই মানুষ ভয়ের পরিস্থিতিগুলো থেকে দূরে থাকতে চায়। মূলত, কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না পারার দুর্বলতা থেকেই ফোবিয়ার জন্ম। আপনি জানেন যে একটি ছোট মাকড়সা আপনার গুরুতর ক্ষতি করবে না, তবুও মাকড়সা দেখামাত্র আপনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া অথবা দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে চাওয়া হলো ফোবিয়া।
সহজ কথায়, ভয়ের পেছনে যদি কোনো যৌক্তিক কারণ থাকে, তবে সেটা সাধারণ ভয়। কিন্তু কোনো কারণ ছাড়াই যে তীব্র আতঙ্ক, সেটাই হলো ফোবিয়া। এই ফোবিয়া যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেয় এবং নিজের বা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন তা রোগ হিসেবে গণ্য হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফোবিয়া হলো এক ধরণের ‘অ্যাংজাইটি ডিজঅর্ডার’ বা উদ্বেগজনিত মানসিক সমস্যা।
অনেক মানুষ ফোবিয়াকে দুর্বল মানসিকতার লক্ষণ বা অযথা ভয় বলে মনে করেন। কিন্তু আধুনিক মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের গবেষণা দেখিয়েছে যে ফোবিয়া একটি বাস্তব এবং চিকিৎসাযোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা। সঠিক চিকিৎসা, ধাপে ধাপে ভয়ের মুখোমুখি হওয়া এবং প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি সম্ভব।
আজকে আমরা জানবো ফোবিয়া কী, কেন হয় এবং কীভাবে এই অবস্থা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব।

ফোবিয়া কীভাবে শুরু হয় এবং কেন হয়?
ফোবিয়া ঠিক কীভাবে শুরু হয়, তার কোনো একক কারণ নেই। এটি সাধারণত কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে তৈরি হয়:
অতীতের মানসিক আঘাত:
জীবনে ঘটে যাওয়া কোনো ভয়ানক অভিজ্ঞতার কারণে ফোবিয়ার জন্ম হতে পারে। যেমন- ছোটবেলায় কুকুরের কামড় খাওয়ার ফলে পরবর্তীতে কুকুরের প্রতি তীব্র ভীতি তৈরি হওয়া, পানিতে ডুবে যাওয়ার অভিজ্ঞতার পর জলভীতি, লিফটে আটকে পড়ার পর বা বজ্রপাতের সময় ভয়াবহ অভিজ্ঞতার পর তৈরী হওয়া ভীতি থেকে ফোবিয়ার জন্ম হতে পারে৷
জেনেটিক বা বংশগত কারণ:
পরিবারের কারও যদি কোনো নির্দিষ্ট ফোবিয়া বা অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে, তবে অন্যদের মধ্যেও তা হওয়ার সম্ভাবনা থাকে।
অন্যের অনুকরণ :
অনেক সময় শিশুরা তাদের বাবা-মা বা কাছের কাউকে কোনো কিছুতে তীব্র ভয় পেতে দেখলে অবচেতনভাবেই সেই ভয়টি নিজেদের মধ্যে ধারণ করে। এক্ষেত্রে মা বাবাও একই সমস্যায় থাকায় শিশুর অস্বাভাবিকতা বুঝতে পারেন না।
মস্তিষ্কের সংবেদনশীলতা:
আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামের একটি অংশ থাকে, যা ভয় নিয়ন্ত্রণ করে। কোনো কারণে এই অংশটি অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়লে ফোবিয়া দেখা দিতে পারে।
আপনি কীভাবে বুঝবেন আপনার ফোবিয়া আছে?
ফোবিয়ার লক্ষণগুলো মূলত শারীরিক ও মানসিক দুইভাবেই প্রকাশ পায়। ভয়ের কারণের কাছাকাছি গেলে বা এমনকি সেটির কথা চিন্তা করলেও নিচের লক্ষণগুলো দেখা দিতে পারে:
ফোবিয়ার শারীরিক লক্ষণ:
ফোবিয়ার সময় বুক প্রচণ্ড ধড়ফড় করা, অতিরিক্ত ঘাম হওয়া, শরীর কাঁপা, মাথা ঘোরা, দম বন্ধ হয়ে আসা, বমির ভাব, হাত পা ঝিনঝিন করা, বুকে চাপ লাগা, দ্রুত শ্বাস প্রশ্বাস এবং অজ্ঞান হয়ে যাওয়ার মত ঘটনাও ঘটতে পারে।
ফোবিয়ার মানসিক লক্ষণ:
ফোবিয়ার মানসিক লক্ষণ গুলোর মধ্যে রয়েছে- প্যানিক অ্যাটাক হওয়া, নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন মনে হওয়া, অযৌক্তিক মৃত্যুভয় কাজ করা এবং যেকোনো মূল্যে ভয়ের পরিস্থিতি এড়িয়ে চলার তীব্র চেষ্টা করা।
মানুষের কিছু সাধারণ ও অদ্ভুত ফোবিয়া: মিলিয়ে দেখুন আপনার কোনটি আছে!
| ফোবিয়ার নাম | কারণ |
|---|---|
| ১. ট্রাইপোফোবিয়া (Trypophobia) | ছোট গর্তের ভয়। মৌচাক, পদ্মফুলের বীজ, স্পঞ্জ বা একসাথে অনেকগুলো ছোট গর্ত বা জ্যামিতিক প্যাটার্ন দেখলে গা শিউরে ওঠে এবং অস্বস্তি শুরু হয়। |
| ২. গ্লোসোফোবিয়া (Glossophobia) | মানুষের সামনে কথা বলার ভয়। স্টেজে ওঠা, জনসমক্ষে বক্তৃতা দেওয়া বা অপরিচিত মানুষের সামনে কথা বলার কথা ভাবলেই শরীর ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে এবং বুক ধড়ফড় করে। |
| ৩. থ্যালাসোফোবিয়া (Thalassophobia) | গভীর পানির ভয়। সমুদ্র, মহাসাগর বা যেকোনো বিশাল ও গভীর জলরাশির প্রতি তীব্র ভয়। পানির নিচে কী অজানা বিপদ লুকিয়ে আছে, সেই চিন্তাই প্যানিক অ্যাটাকের দিকে ঠেলে দেয়। |
| ৪. অ্যাক্রোফোবিয়া (Acrophobia) | উচ্চতার ভয়। উঁচু বিল্ডিংয়ের ছাদ, পাহাড়ের চূড়া, উঁচু সিঁড়ি বা নাগরদোলায় উঠলেও এই ভয় কাজ করে। উচ্চতায় গেলে মনে হয় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাবে। |
| ৫. ক্লস্ট্রোফোবিয়া (Claustrophobia) | আবদ্ধ স্থানের ভয়। লিফট, টানেল, এমআরআই (MRI) মেশিন বা ছোট জানালাবিহীন ঘরের মতো আবদ্ধ স্থানে আটকা পড়ার ভয়। দম বন্ধ হয়ে আসছে এবং বের হওয়ার কোনো রাস্তা নেই বলে মনে হয়। |
| ৬. অ্যারাকনোফোবিয়া (Arachnophobia) | মাকড়সার ভয়। মাকড়সা দেখলে চরম আকারের ভয়ের প্রতিক্রিয়া। এমনকি মাকড়সার ছবি বা জাল দেখলেও প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়া। |
| ৭. নিকটোফোবিয়া (Nyctophobia) | অন্ধকারের ভয়। অন্ধকার ঘরে বা রাতে একা থাকতে প্রচণ্ড ভয়। মস্তিষ্ক অন্ধকারে অজানা বিপদের কল্পনা করতে শুরু করে। |
| ৮. এসট্রফোবিয়া (Astraphobia) | বিদ্যুত চমক বা বাজ পড়ার ভয়। |
| ৯. এক্সামিনোফোবিয়া (Examinophobia) | পরিক্ষাভীতি। |
| ১০. অটোফোবিয়া (Autophobia) | এককীত্বের ভয়। |
| ১১. টেলিফোন ফোবিয়া (Telephone phobia) | ফোন ধরা বা কথা বলার ভয়। |
| ১২. ট্রিপানোফোবিয়া (Trypanophobia, Belonephobia, Enetophobia) | সূচ বা ইনজেকশনের ভয়। |
| ১৩. ব্যাকটেরিয়াফোবিয়া/ মাইক্রোফোবিয়া (Bacillophobia, Bacteriophobia, Microbiophobia) | অনুজীব এবং ব্যকটেরিয়ার ভয়। |
| ১৪. এগোরাফোবিয়া (Agoraphobia) | কোন স্থান বা ঘটনার ভয় যেখানে পালানো বা সাহায্য অসম্ভব। |
| ১৫. ডেন্টালফোবিয়া (Dental phobia, Dentophobia, Odontophobia) | ডেন্টিস্ট বা দাঁত সম্পর্কিত বিষয়ে ভয়। |
| ১৬. হেমোফোবিয়া (Hemophobia) | রক্ত ভীতি। |
| ১৭. এলিভেটর ফোবিয়া (Elevator Phobia) | লিফটে ওঠার ভয়। |
| ১৮. থানাটোফোবিয়া (Thanatophobia) | মারা যাওয়ার ভয়। |
| ১৯. গেলোটোফোবিয়া (Gelotophobi) | নিজেকে নিয়ে কৌতুক করা বা হাসাহাসি করার ভয়। |
| ২০. জেনোফোবিয়া (Xenophobia) | বিদেশি, অচেনা কিছু বা লোকের ভয়। |
| ২১. এভিয়োফোবিয়া/ এভিএটোফোবিয়া (Aviophobia/Aviatophobia) | উড়োজাহাজে চড়ার ভয়। |
| ২২. অ্যাস্ট্রোফোবিয়া (Astrophobia) | মহাশূন্য, তারা এবং মহাজাগতিক বস্তুর প্রতি ভয়। |
| ২৩. মেগালোফোবিয়া (Megalophobia) | অস্বাভাবিক বড় বা বিশাল আকারের বস্তুর প্রতি ভয়। |
| ২৪. অ্যারিথমোফোবিয়া (Arithmophobia) | সংখ্যা, গণনা বা গণিতের প্রতি ভয়। |
| ২৫. কাটজারিডাফোবিয়া (Katsaridaphobia) | তেলাপোকার প্রতি ভয়। |
কখনো কখনো ব্যক্তি অন্যদের সামনে বিব্রত হওয়ার, অপমানিত হওয়ার, সমালোচিত হওয়ার অথবা নেতিবাচকভাবে মূল্যায়িত হওয়ার ভয় অনুভব করেন যাকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজওর্ডার বা সোশ্যাল ফোবিয়া বলা হয়।
কিছু মানুষ ভয় করেন বড় শব্দকে। মজার ব্যাপার এই ধরনের ভীতির নামই একটি ভীতিকর শব্দ- Hippopotomonstrosesquipedaliophobia.
ফোবিয়া থেকে মুক্তির উপায়
অনেকেই ভাবেন ফোবিয়া থেকে মুক্তি পাওয়া যায় না। কিন্তু, বাস্তবতা হলো এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। সঠিক উপায়ে চেষ্টা করলে এর থেকে শতভাগ মুক্তি পাওয়া সম্ভব। ফোবিয়ার বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ডাক্তাররা এন্টিডিপ্রেসেন্ট ও সেডেটিভস দিয়ে থাকেন। তবে, নন বায়োলজিক্যাল ট্রিটমেন্টই বেশি কার্যকর হয় অনেকের ক্ষেত্রে। নন বায়োলজিক্যাল ট্রিটমেন্ট এর মধ্যে উল্লেখযোগ্য হলোঃ
- কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT): এটি ফোবিয়ার সবচেয়ে কার্যকর চিকিৎসা। এর মাধ্যমে মানুষের নেতিবাচক চিন্তাভাবনা পরিবর্তন করে ভয়ের মোকাবিলা করতে শেখানো হয়।
- এক্সপোজার থেরাপি: এই পদ্ধতিতে রোগীকে ধীরে ধীরে এবং অত্যন্ত নিরাপদ পরিবেশে তার ভয়ের কারণটির মুখোমুখি করা হয়, যাতে ভয়ের তীব্রতা কমে যায়।
- মেডিটেশন ও ইয়োগা: নিয়মিত গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এবং মাইন্ডফুলনেস মানসিক উদ্বেগ ও প্যানিক অ্যাটাক কমাতে সাহায্য করে।
আপনার পরিচিত কারও ফোবিয়া থাকলে তাকে উপহাস করবেন না। আপনার কাছে যা সাধারণ বিষয়, তার কাছে তা আক্ষরিক অর্থেই জীবন-মরণের ভয়! তাদের কথা ধৈর্য ধরে শুনুন, মানসিক সাপোর্ট দিন এবং প্রয়োজনে প্রফেশনাল থেরাপিস্ট বা চিকিৎসকের কাছে যেতে উৎসাহিত করুন।
