প্রাচীন সভ্যতার অন্যতম বিস্ময়, গিজার পিরামিড, আজও মানুষের কৌতূহল আর বিস্ময়ের কেন্দ্র। প্রায় ৪৫০০ বছর ধরে একে ঘিরে মানুষের কৌতূহল থাকলেও, গত ২ শতাব্দী ধরে কীভাবে এবং কাদের দ্বারা এই বিশাল পাথরের গঠন তৈরি হলো, তা নিয়ে গবেষণা, অনুমান আর বিতর্ক কখনো থামেনি। সাম্প্রতিক সময়ে গবেষকরা বলছেন যে গিজার পিরামিড কেবল একজন রাজা বা এক প্রজন্মের পরিকল্পনা ছিল না; বরং এটি তিন প্রজন্ম ধরে আলাদা রাজাদের স্বতন্ত্র প্রকল্প ছিলো।
তবে ঠিক কীভাবে পাথরগুলো উত্তোলন, পরিবহন এবং স্তূপ করা হয়েছিল- এসব প্রশ্নের একাধিক সম্ভাবনা রয়েছে, এবং কোনো একক সিদ্ধান্ত এখনও আসেনি। আজকের এই নিবন্ধে আমরা আলোচনা করবো যে গিজার পিরামিড কারা তৈরি করেছিল, কী উপকরণ ও সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থার সাহায্যে করেছিল, এবং কেন এখনো অনেক বিষয় নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান।

গিজা পিরামিড: কারা ও কখন তৈরি করেছিলেন
গিজাতে তিনটি বিশাল পিরামিড রয়েছে, তাকে একসাথে Pyramid Complex of Giza বলা হয়। এগুলোকে একসঙ্গে দেখা হলেও, এগুলো একেক সময়ে ৩ ভিন্ন রাজার শাসনামলে তৈরি করা হয়েছিল। এদের মধ্যে সবচেয়ে বড় এবং পুরনো পিরামিডটি ছিল ফারাও Khufu-র আমলে। তার পিরামিডকে বলা হয় Great Pyramid। গ্রিক ভাষায় খুফুর নাম অবশ্য ‘কিওপস’ (Cheops) হিসেবেই বেশি পরিচিত।
এর পরবর্তী, অর্থাৎ মধ্যম পিরামিডটি ছিল Khafre-র, যিনি খুফুর পুত্র। আর সবচেয়ে ছোট এবং শেষের পিরামিডটি ছিল Menkaure-র (খাফরের পুত্র), যিনি তার পিতার পিরামিডের ন্যায় সেই পিরামিডটি নির্মাণ করেন। অর্থাৎ, গিজার তিনটি পিরামিড তৈরি হয়েছিল তিন প্রজন্ম জুড়ে, এবং প্রতিটি রাজা নিজের সমাধির জন্য পিরামিড তৈরি করেছেন।
তবে, পিরামিডগুলোর সুনির্দিষ্ট তারিখ বা নির্মাণকালের মেয়াদ সম্পূর্ণ স্পষ্ট নয়, কারণ সেই সময় থেকে পাওয়া প্রমাণ তুলনামূলকভাবে সীমিত। গবেষকরা প্রাচীন ঐতিহাসিক বর্ণনা, কার্বন ডেটিং, স্থাপত্যগত বিশ্লেষণ সব কিছু মিলিয়ে সময় নির্ধারণ করেছেন যে, খুফু সম্ভবত খ্রিস্টপূর্ব ২৬শ শতাব্দীর শুরুর দিকে প্রায় ৩০ বছর রাজত্ব করেছিলেন। খাফরের রাজত্বকাল নিয়ে নিশ্চিত তথ্য কম, তবে তা অন্তত ২০ বছর ছিল। আর মেনকাউরের শাসনকাল প্রায় ১৮-২৮ বছর ধরে চলেছিল বলে ধারণা করা হয়, যা শেষ হয় ২৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।
ফারাওদের জীবদ্দশাতেই পিরামিডের কাজ শেষ হয়েছিল নাকি তাঁদের উত্তরসূরিরা তা শেষ করেছিলেন, তা বলা কঠিন। তবে, গ্রেট পিরামিডটি সম্ভবত সাক্কারায় ৩য় রাজবংশের আমলে তৈরি Step Pyramid of Djoser-এর প্রায় ১০০ বছর পর, অর্থাৎ, ৪র্থ রাজবংশের আমলে নির্মিত হয়েছিল।
কেন পিরামিড বানানো হয়েছিল: উদ্দেশ্য ও প্রেক্ষাপট
গিজার পিরামিড মূলত রাজাদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। অর্থাৎ, মৃত্যুর পর রাজাদের দেহ সংরক্ষণের এবং তাদের পরকালের বিশ্বাস অনুসারে অমরত্ব বা পরলোকগত জীবন নিশ্চিত করার উদ্দেশ্য ছিল। তাছাড়া, পিরামিডগুলোর নকশা ও অবস্থান সূর্যের দিক (এখনো বিতর্কিত), চারদিকের সমন্বয়, মানচিত্রের গভীর পরিকল্পনা ইঙ্গিত দেয় যে, এটি শুধুই এক ধর্মীয় বা সমাধি ভবন ছিল না। এটি ছিল সেই সময়ের সাংস্কৃতিক, ধর্মীয় এবং প্রকৌশলগত উচ্চতর স্তরের প্রতিফলন।
এই আবিষ্কার দেখায় পিরামিড নির্মাণ ছিল পর্যায়ক্রমিক এবং পরিকল্পিত। অর্থাৎ, এটি কোনো অপ্রতুল বা স্বপ্নসুলভ কাজ ছিল না, বরং প্রশাসনিকভাবে গঠন, লজিস্টিক্স ও শ্রম ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছিল।
কীভাবে তৈরি হলো গিজার পিরামিড
গিজার পিরামিড কীভাবে তৈরি হয়েছে বা নির্মিত হয়েছে, একে ঘিরে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক, বিশ্লেষক, প্রকৌশলী, অর্থনীতিবিদ কিংবা সমাজবিজ্ঞানীরা অনেক প্রমাণ বের করলেও, কেউই এর চূড়ান্ত উত্তর খুঁজে বের করতে পারেননি। তবে আধুনিক গবেষণা ও প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে অনেক অজানা তথ্য সামনে এসেছে।
১. অর্থ-সামাজিক যোগান ও শ্রমিকের পরিচয়
প্রাচীন মিশরে এই পিরামিডগুলোর নির্মাণের মূল চালিকাশক্তি ছিলো তখনকার সময়ের (৪র্থ রাজবংশের) কৃষিকাজ, নদ-নদীর বন্যা, সেচ ব্যবস্থা ও কৃষিভিত্তিক উৎপাদন। সেসময় প্রাচীন মিশরের বেশিরভাগ জুড়েই সম্পদের প্রাচুর্য ছিল। এর অন্যতম কারণ হলো নীল নদের বাৎসরিক বন্যা, যা প্রচুর শস্য উৎপাদনে সাহায্য করত।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ Harvey Weiss বলেন,
ওল্ড কিংডমের শাসকরা (ফারা) নীল নদের মৌসুমি বন্যাকে কাজে লাগিয়ে কৃষিব্যবস্থাকে সংহত করেছিলেন। সেই কৃষিজ সম্পদ ব্যয় করা হয়েছিল হাজার হাজার শ্রমিককে খাওয়ানোর জন্য, যারা ফারাওদের অনন্ত জীবনের জন্য এই সমাধিগুলো তৈরি করছিল।
শ্রমিকদের পরিচয় নিয়ে দীর্ঘদিনের ভুল ধারণা প্রচলিত ছিল। হলিউডের সিনেমায় যেমন দেখানো হয় যে চাবুকধারী প্রহরীরা দাসদের দিয়ে পিরামিড বানাচ্ছে, প্রত্নতাত্ত্বিক প্রমাণ তার বিরোধী। বিশিষ্ট ইজিপ্টোলজিস্ট Mark Lehner গিজায় শ্রমিকদের একটি বিশাল শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। সেখানে পাওয়া হাড়গোড় এবং খাদ্যাভ্যাস বিশ্লেষণ করে দেখা গেছে, তারা ছিলেন সুপুষ্ট এবং নিয়মিত মাংস ও রুটি ভক্ষণকারী দক্ষ কারিগর। এটি ছিল একটি জাতীয় প্রকল্প, যেখানে কৃষকরা বন্যার সময় যখন চাষাবাদ বন্ধ থাকত, তখন রাষ্ট্রের জন্য শ্রম বা কর হিসেবে এই কাজে যোগ দিতেন।
এনমার্চ মনে করেন, অতিরিক্ত শস্যের একটা অংশ শ্রমিকদের খাবারের জোগান দিত। তিনি বলেন,
এই বিশাল প্রকল্পের জন্য তারা তাদের সর্বোচ্চ সম্পদ ঢেলে দিয়েছিল, এতে আমি অবাক হবো না।
২. প্রযুক্তিগত যোগান ও লজিস্টিক্স
এমন বিশাল স্মৃতি স্তম্ভ তৈরি করা মোটেই ছোটখাটো কোনো কাজ ছিল না। এর আগে এমন মাত্রার কোনো কিছুই চেষ্টা করা হয়নি। গিজার পিরামিড তৈরি করতে ব্যবহৃত হয়েছিল বড় বড় পাথর। মূল কাঠামার পাথর সহ, পিরামিডের বাইরের অংশ বা কেসিং হিসেবে সাদা চুনাপাথর ব্যবহার করা হয়েছিল।
ডায়েরি অফ মেরের: প্রত্যক্ষদর্শীর প্রমাণ
পাথর পরিবহনের সবচেয়ে নির্ভরযোগ্য লিখিত প্রমাণ পাওয়া যায় ২০১৩ সালে। লোহিত সাগরের তীরে Wadi al-Jarf-এ ফরাসি প্রত্নতাত্ত্বিক Pierre Tallet প্রাচীন কিছু প্যাপিরাস লিপি আবিষ্কার করেন। Diary of Merer নামে পরিচিত এই নথিটি একজন প্রাচীন মিশরীয় কর্মকর্তার লগবুক। সেখানে Tura থেকে গিজায় পাথর পরিবহনের দৈনন্দিন হিসাব এবং লজিস্টিক্সের বর্ণনা রয়েছে। এটি এখন পর্যন্ত পিরামিড নির্মাণের একমাত্র লিখিত প্রত্নতাত্ত্বিক প্রমাণ।
লজিস্টিক্স ও নীল নদের ‘খুফু শাখা’
এত বিশাল পাথর মরুভূমির ভেতর দিয়ে কীভাবে আনা হলো? ২০২২ সালে Proceedings of the National Academy of Sciences (PNAS)-এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, পিরামিড নির্মাণের সময় নীল নদের একটি প্রশাখা গিজার মালভূমির খুব কাছে দিয়ে প্রবাহিত ছিল। গবেষকরা একে Khufu Branch নাম দিয়েছেন। বছরের নির্দিষ্ট সময়ে বন্যার পানি ব্যবহার করে ভারী চুনাপাথর এবং গ্রানাইট পাথর নৌপথে সরাসরি নির্মাণস্থলে আনা সম্ভব ছিল। এনার্চের মতও এই প্রমাণের পক্ষে। বর্ষাকালে যখন পানি বাড়ত, তখন অগভীর নৌকা বা ভেলার মাধ্যমে পাথরগুলো নির্মাণস্থলের খুব কাছে নিয়ে আসা সম্ভব হতো।
পাথর উত্তোলন ও পদার্থবিজ্ঞান: ভেজা বালির তত্ত্ব
সবচেয়ে জটিল কাজ ছিল মেকানিক্যালি পাথরগুলোকে উত্তোলন করা এবং টেনে আনা। এখন পর্যন্ত গিজায় খননকাজে ১টি আংশিক স্থাপনা এবং হেলানো র্যাম্প পাওয়া গেছে, যা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রমাণ। গবেষকরা মনে করেন পাথরগুলোকে কাঠের এই স্লেজসহ সরিয়ে আনা হয়েছে। কিন্তু মরুভূমির বালির ওপর দিয়ে স্লেজ টেনে পাথর নেওয়ার সময় ঘর্ষণ ছিল এক বড় বাধা। ২০১৪ সালে ইউনিভার্সিটি অফ আমস্টারডামের পদার্থবিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, বালিতে সঠিক পরিমাণে পানি মেশালে Capillary Bridge তৈরি হয়, যা বালির কণাগুলোকে শক্ত করে। এর ফলে ঘর্ষণ বল প্রায় ৫০ শতাংশ কমে যায় এবং কম শ্রমে ভারী স্লেজ টানা সম্ভব হয়। পিরামিডের দেয়ালে অঙ্কিত কিছু প্রাচীন চিত্রেও স্লেজের সামনে জল ঢালতে দেখা যায়, যা এই তত্ত্বকে সমর্থন করে।
পিরামিড গঠনের জন্য র্যাম্প বা স্লোপ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে সমস্যা হলো, একটি সোজা র্যাম্প তৈরি করতে গেলে তা দৈর্ঘ্যে পিরামিডের চেয়েও বিশাল হয়ে যেত। এনমার্চ অবশ্য ভেতরের র্যাম্পের তত্ত্বে খুব একটা বিশ্বাসী নন। তিনি Hatnub নামক পাথর খাদে পাওয়া একটি খাড়া র্যাম্পের কথা উল্লেখ করেন, যা খুফুর আমলের। সেখানে গবেষকরা কাঠের স্লেজ টেনে তোলার জন্য খুঁটির গর্ত খুঁজে পেয়েছেন, যা নির্দেশ করে যে হয়তো তারা পাথর উত্তোলনের জন্য কোনো পুলি সিস্টেম ব্যবহার করেছিল।
পিরামিড নিয়ে আজও কেন রহস্য রয়ে গেছে
যদিও আমরা জানি যে, গিজার পিরামিড তিন প্রজন্মের রাজাদের জন্য পরিকল্পিতভাবে এবং বিশাল শ্রম-প্রচেষ্টায় তৈরি হয়েছিল, কিন্তু ঠিক কীভাবে এটি বাস্তবায়ন হয়েছিল, সেই প্রক্রিয়া এখনও পুরোপুরি নিশ্চিত নয়। র্যাম্প বা স্লোপের স্পষ্ট ধ্বংসাবশেষ গিজায় এখনো পাওয়া যায়নি।
কেন গিজার পরবর্তী প্রজন্মগুলো আর বড় পিরামিড বানায়নি, সেটা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। এ বিষয়ে গবেষণা বলছে, হয়তো সময়ের সঙ্গে খনিজ বা প্রাকৃতিক পরিবেশের (জলবায়ু) পরিবর্তন, দুর্বল কেন্দ্রীয় ক্ষমতা, অর্থ–সামাজিক অবস্থার পরিবর্তন ইত্যাদির ফলে আগের মতো বড় পিরামিড আর বানানো হয়নি কিংবা সম্ভব হয়নি।
তাছাড়া, পাথর উত্তোলন, পরিবহন এবং এর সারিবদ্ধভাবে বসানোর কাজের ক্ষেত্রে কী কৌশল ছিল, কত শ্রমিক লাগত, এসবের সুনির্দিষ্ট তথ্য খুব সীমিত। যত আছে, তাও নথি ও প্রমাণের বিচারে অসম্পূর্ণ। আশা করা যায়, এ ক্ষেত্রে ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিক ও প্রকৌশলী গবেষণা, নতুন প্রযুক্তি (যেমন রাডার, থ্রিডি স্ক্যানিং, কার্বন-ডেটিং) এবং খনন কাজ হয়তো নতুন তথ্য এনে দেবে।
গিজার পিরামিড কেবল পাথরের স্তূপ নয়; এটি মানব ইতিহাসের অন্যতম সফল প্রজেক্ট ম্যানেজমেন্টের উদাহরণ। আধুনিক রাডার স্ক্যানিং এবং ScanPyramids প্রজেক্টের মাধ্যমে সম্প্রতি গ্রেট পিরামিডের ভেতরে নতুন কিছু শূন্যস্থান আবিষ্কৃত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে রহস্যের এখনো অনেক কিছু বাকি। প্রাচীন মিশরের প্রকৌশলবিদ্যা, অর্থনীতি এবং মহাকাশ চিন্তার এই স্মারকটি আমাদের মনে করিয়ে দেয় যে, হাজার বছর আগেও মানুষের সাংগঠনিক ক্ষমতা কত উচ্চস্তরের ছিল।
সর্বশেষ
গিজার পিরামিড একাধারে প্রাচীন সভ্যতার চূড়ান্ত সাফল্য, অমর স্মারক, এবং মানব মেধা ও শ্রমের পরাকাষ্ঠা। এই পিরামিডগুলোর নির্মাণ কাজ কেবল এক প্রজন্মের না; বরং তিন রাজার তিন ভিন্ন শাসনামলের তিন প্রজন্ম ধরে সম্পন্ন হয়। খাদ্য, কৃষি, শ্রমিক-সংগঠন, প্রশাসন, পরিকল্পনা— এসব মিলিয়ে এক বড় সামাজিক-অর্থনৈতিক ও প্রকৌশলগত উদ্যোগ ছিল। তাই, এটি আমাদের কাছে শুধু অতীতের নিদর্শন বলে এর রহস্য কখনো পুরনো হবে, তা কিন্তু নয়। বরং, একে ঘিরে আমাদের অনুসন্ধান, বিতর্ক ও গবেষণা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এর সম্পূর্ণ বিষয়বস্তু আমাদের উদ্ঘাটিত হবে।
