প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো কৃত্রিম AI মডেলগুলিকে (যেমন ChatGPT, DALL-E, Gemini ইত্যাদি) সঠিক নির্দেশ দেওয়ার একটি কৌশল, যাতে তারা আমাদের চাহিদা অনুযায়ী AI মডেলটি সবচেয়ে প্রাসঙ্গিক ও সঠিক ফলাফল দিতে পারে। অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয় হলো – কিভাবে সঠিকভাবে এআই কে নির্দেশ দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এটাকে একধরনের শিল্পও বলা যায়। কারণ ছোটখাটো শব্দের পরিবর্তনেও AI এর রেসপন্স অনেক বদলে যেতে পারে। আর যারা এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ দক্ষ তাদের প্রম্পট ইঞ্জিনিয়ার বলা হয়।অর্থাৎ ,প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এআই-কে সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার পদ্ধতি। যেমন একজন দক্ষ গাড়িচালক স্টিয়ারিং নিয়ন্ত্রণ করে গাড়ি চালায়, তেমনি প্রম্পট ইঞ্জিনিয়ার এআই-কে নিয়ন্ত্রণ করে সঠিক গন্তব্যে পৌঁছান।

মাত্র দু’বছর আগেও প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি জগতে একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন পেশা ছিল। ২০২৩ সালে বড় প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়োগে আগ্রহী ছিল, যাতে তারা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) সঠিকভাবে ব্যবহার করতে পারে। এই পেশায় ছয় থেকে সাত অঙ্কের বেতন দেওয়া হচ্ছিল।
প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি আকর্ষণীয় দিক ছিল এর সহজ প্রবেশপথ। জটিল কোডিং বা গভীর প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন ছিল না। বেসিক টেকনোলজিক্যাল জ্ঞান, ইংরেজিতে দক্ষতা এবং সৃজনশীলতাই যথেষ্ট ছিল। ফলে প্রযুক্তিপ্রেমী অনেকেই কোডিং না জেনেও সহজে এআই সেক্টরে প্রবেশের সুযোগ খুঁজছিলেন।
২০২৩ সালে প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটি বহুল আলোচিত পেশায় পরিণত হয়। উত্তর আমেরিকায় এর বাজার দ্রুত বাড়ছিল এবং অনেকেই নিজেদের লিঙ্কডইন প্রোফাইলে ‘প্রম্পট ইঞ্জিনিয়ার’ উল্লেখ করছিলেন।
এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন প্রম্পট ইঞ্জিনিয়ারিং পেশার গুরুত্ব হ্রাসের প্রধান কারণ। বর্তমান উন্নত এআই মডেলগুলো মানুষের ভাষা ও প্রেক্ষাপট আরও দক্ষতার সাথে বুঝতে পারে। ফলে প্রম্পট তৈরির ক্ষেত্রে অতীতের মতো নিখুঁত নির্দেশনার প্রয়োজন পড়ে না।
নতুন উন্নত LLM মডেলগুলো প্রেক্ষাপট বুঝে ফলো-আপ প্রশ্ন করতে সক্ষম। অর্থাৎ, আধুনিক উন্নতমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) যেমন ChatGPT বা অন্য AI মডেল এখন ব্যবহারকারীর প্রাথমিক প্রশ্ন বা প্রম্পটের প্রেক্ষাপট (context) ভালোভাবে বুঝতে সক্ষম। তারা শুধু সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ফলো-আপ প্রশ্নও করতে পারে।যদি কেউ একটি অস্পষ্ট বা অসম্পূর্ণ প্রশ্ন করে, মডেল তা বুঝতে পারে এবং প্রাসঙ্গিক তথ্য চেয়ে পুনরায় প্রশ্ন করতে পারে।
এটি অনুমান করতে পারে ব্যবহারকারীর উদ্দেশ্য বা চাহিদা, তাই সুনির্দিষ্ট প্রম্পট দেওয়ার বাধ্যবাধকতা কমেছে।এর মানে, আগে যেখানে এআই মডেল থেকে সঠিক উত্তর পেতে খুব নিখুঁত ও নির্দিষ্ট নির্দেশনা দিতে হতো, এখন তা আর অতটা প্রয়োজনীয় নয়। নতুন মডেলগুলো আরও স্বয়ংক্রিয়ভাবে এবং মানুষের মতো রেসপন্স করতে পারে।
তাই আদর্শ বা ‘পারফেক্ট প্রম্পট’ তৈরির প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে।
এছাড়া, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছিল একটি তুলনামূলকভাবে সহজ ও কম প্রযুক্তিগত জ্ঞানের পেশা। যেহেতু এটি সহজেই প্রতিস্থাপনযোগ্য, তাই কোম্পানিগুলো আলাদা প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ করে তাদের কর্মীদের এই কাজের প্রশিক্ষণ দিচ্ছে।
এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিংকে আর স্বতন্ত্র পেশা হিসেবে দেখা হচ্ছে না। এটি PowerPoint, MS Word বা Excel ব্যবহারের মতো একটি সাধারণ দক্ষতা হিসেবে গণ্য করা হচ্ছে। কিছু প্রতিষ্ঠান উন্নতমানের প্রম্পট তৈরির জন্য এআই ব্যবহার করছে, অর্থাৎ এআই নিজেই প্রম্পট তৈরির দক্ষতা অর্জন করেছে।
