সম্প্রতি আমাদের দেশে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই এক রাতের মধ্যে ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে হয়ে যাচ্ছে। কৌতূহলী মানুষের কাছে একটাই প্রশ্ন যে কীভাবে সম্ভব? চলুন জেনে নেয়া যাক।
মানবদেহের জন্মের আগ থেকেই শরীরের ক্রোমোজোম, হরমোন এবং রিসেপ্টর একসঙ্গে কাজ করে লিঙ্গনির্ধারণ করে ফেলে। লিঙ্গনির্ধারণ একটি জটিল জৈবিক প্রক্রিয়া হবার কারণে কিঞ্চিৎ কোনো তারতাম্য জন্মগতভাবে ভিন্নতা এনে দিতে পারে, যাকে চিকিৎসাবিজ্ঞানে Differences of Sex Development (DSD) বলা হয়ে থাকে। এর মধ্যে বর্তমানে একটি আলোচিত অবস্থাগুলোর একটি হলো টেস্টিকুলার ফেমিনাইজেশন যা জীববিজ্ঞানের ভাষায় Complete Androgen Insensitivity Syndrome (CAIS) হিসেবে স্বীকৃত।
এই অবস্থায় একজন ব্যক্তি জিনগতভাবে পুরুষ হলেও তাঁদের শরীর এন্ড্রোজেন নামের পুরুষ হরমোনের প্রতি সাড়া দিতে পারে না। যার ফলে একটি সময় বাহ্যিকভাবে তাঁদের শরীর নারীর মতো গড়ে ওঠে। এটি মূলত শরীরের একটি রিসেপ্টরজনিত সমস্যা, এই সমস্যা পুরুষ হরমোনকে সঠিকভাবে কাজ করতে বাধা দেয়। নিচে এই অবস্থাটি বিস্তারিত, সহজ ভাষায় এবং ধারাবাহিকভাবে ব্যাখ্যা করা হলো।
জিনগত ও জৈবিক কারণ:
টেস্টিকুলার ফেমিনাইজেশনের জন্য মূলত দায়ী Androgen Receptor জিনের ত্রুটি যার অবস্থান X ক্রোমোজমে। যেহেতু পুরুষের প্রতি জোড়া ক্রোমোজমে কেবল একটি X ক্রোমোজমে থাকে (XY); তাই একমাত্র X ক্রোমোজোমেই যদি ত্রুটি থাকে, তাহলে শরীরের কোষগুলো এন্ড্রোজেন হরমোন গ্রহণ করতে পারে না।
এই অবস্থার ফলে, শরীর যতই পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন ও ডাইহাইড্রোটেস্টোস্টেরন উৎপন্ন করুক না কেন, শরীরে থাকা রিসেপ্টর তা ব্যবহার করতে না পেরে যথাযথ পুরুষালি বৈশিষ্ট্যে বেড়ে উঠতে পারে না। তখন শরীরে তৈরি হওয়া টেস্টোস্টেরনের একটি অংশ ইস্ট্রোজেনে রূপান্তরিত হয় এবং এর ফলে বাহ্যিকভাবে ব্যক্তি স্বাভাবিক নারীর মতো বেড়ে ওঠলেও জিনগত ভাবে সে একজন পুরুষ।
শারীরিক লক্ষণ ও ধরা পড়ার সময়াবলি:
টেস্টিকুলার ফেমিনাইজেশন শিশু অবস্থায় কিংবা কৈশোরে ধরা পড়তে পারে, নিম্নলিখিত পরিস্থিতির মধ্য দিয়ে:
১. শিশু অবস্থায়: ছোট্ট মেয়ে শিশুর কুঁচকির এলাকায় হার্নিয়া দেখা যায়, আর এটাই প্রথম সংকেত হতে পারে। অস্ত্রোপচারে সেখানে একটি অবস্থানরত টেস্টিস পাওয়া যাবার মধ্য দিয়ে জানা যায় সে আসলে পুরুষ।
২. কৈশোরে: অনেকে প্রথমে স্বাভাবিক মেয়ে হিসেবে বড় হন, কিন্তু যখন নিয়মিত মাসিক শুরু হয় না, তখন পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে
- তার জরায়ু নেই
- ডিম্বাশয় নেই
- বরং দেহে টেস্টিস রয়েছে
অথচ যোনিপথ ও স্তনসহ বাহ্যিক গঠন পুরোপুরি নারীর মতো। এগুলো CIAS এর সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য।
রোগ নির্ণয় পদ্ধতি:
রোগটি নির্ণয়ে সাধারণত কয়েকটি পরীক্ষার প্রয়োজন হয়, যেমন-
ক্রোমোজম পরীক্ষা: এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে ব্যক্তির ক্রোমোজোম 46,XY।
হরমোন পরীক্ষা: টেস্টোস্টেরনের মাত্রা সাধারণত স্বাভাবিক কিংবা নারী হিসেবে বেশি পাওয়া যায়।
ইমেজিং (Ultrasound বা MRI): যেহেতু জরায়ু নেই, তাহলে টেস্টিস কোথায় আছে তা নির্ণয়ে ব্যবহৃত হয়।
AR জিন পরীক্ষা: জিনগত ত্রুটি নিশ্চিত করতে ব্যবহৃত হলেও সব ক্ষেত্রে নির্দিষ্ট পরিবর্তন ধরা নাও পড়তে পারে।
চিকিৎসা ও ব্যবস্থাপনা:
ব্যক্তিভেদে টেস্টিকুলার ফেমিনাইজেশনের চিকিৎসা ভিন্ন হয়, যেখানে বিবেচনা করা হয় –
- শারীরিক সুস্থতা
- মানসিক ও সামাজিক সমর্থন
- দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ন্ত্রণ
গোনাডেকটমি (টেস্টিস অপসারণ):
টেস্টিস শরীরের অভ্যন্তরে প্রচ্ছন্ন অবস্থায় থাকলে দীর্ঘমেয়াদে টিউমারের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এই ঝুঁকির তীব্রতা নিয়ে গবেষণায় বিভিন্ন ফল পাওয়া যায়, তবে শিশু বয়সে ঝুঁকি খুব কম বলে চিকিৎসকেরা সাধারণত বয়ঃসন্ধির পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন। কারণ বয়ঃসন্ধিতে স্বাভাবিক ইস্ট্রোজেন উৎপাদন স্তন বিকাশ ও হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী।
হরমোন থেরাপি:
যদি টেস্টিস অপসারণের সিদ্ধান্ত নেয়া হয় তবে সেটি অপসারণের পর ইস্ট্রোজেন থেরাপি প্রয়োজন হয়।
যোনি সম্পর্কিত চিকিৎসা:
যোনি স্বাভাবিক থাকে, আবার কখনো তুলনামূলক ছোট হতে পারে। প্রয়োজনে চিকিৎসা ও থেরাপির মাধ্যমে সম্পূর্ণ স্বাভাবিক যৌনজীবন সম্ভব।
মানসিক ও সামাজিক প্রেক্ষাপট:
এই অবস্থায় থাকা ব্যক্তিরা শারীরিকভাবে নারী হলেও জিনগতভাবে এবং অভ্যন্তরীণ গঠনগতভাবে কিছু পার্থক্য নিয়ে জন্মান। তাই সঠিক বয়স থেকে সঠিক তথ্য প্রদান, কাউন্সেলিং এবং পারিবারিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের বিভিন্ন দেশে এই বিষয়ে সচেতনতা বাড়ছে এবং বেশ কিছু সংগঠন সোশ্যাল, মেডিক্যাল ও মানসিক সহায়তা দিয়ে থাকে। শারীরিক ভিন্নতা থাকা মানেই এটি কোনো রোগ নয়—এ বিষয়টি এখন আরও স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে।
বিতর্ক ও নৈতিক দিকসমূহ:
কিছু নৈতিক প্রশ্ন চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আলোচনায় এসেছে, যেমন:
শিশুকালে টেস্টিস অপসারণ করা উচিত কি না? অনেক বিশেষজ্ঞ বড় হওয়ার পর ব্যক্তির মতামতকে গুরুত্ব দিতে বলেন কেননা গবেষণার তথ্য অনুযায়ী ছোট বয়সে ক্যান্সারের ঝুঁকি খুব কম।
শিশুকে তার বয়স অনুযায়ী কতটুকু তথ্য জানানো উচিত? বর্তমানে সুস্থ মনসিক বিকাশের কথা বিবেচনা করে ধীরে ধীরে তথ্য জানানোর জন্য জোর দেয়া হয়।
এটি কি আসলেই ডিজওর্ডার না ডিফারেন্স? এই অবস্থা বুঝাতে Difference of Sex Development শব্দটি ব্যবহার করতে উৎসাহ করা হয় যাতে ব্যক্তি নিজেকে মানুষ হিসেবে নিজেকে স্বাভাবিক মনে করতে পারে।
টেস্টিকুলার ফেমিনাইজেশন বা Complete Androgen Insensitivity Syndrome মূলত একটি জন্মগত জিনগত অবস্থা, যেখানে শরীর এন্ড্রোজেন হরমোনের প্রতি অসংবেদনশীল থাকে। এর ফলে বাহ্যিকভাবে নারীসদৃশ গঠন তৈরি হলেও অভ্যন্তরীণভাবে কিছু পার্থক্য দেখা দেয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, চিকিৎসা, হরমোন থেরাপি, মানসিক সহায়তা এবং সামাজিক সচেতনতা মিললে একজন ব্যক্তি সম্পূর্ণ স্বাভাবিক, সুস্থ এবং আত্মবিশ্বাসপূর্ণ জীবন যাপন করতে পারেন। বিজ্ঞান আজ এই অবস্থাকে অসুস্থতা বা অস্বাভাবিকতা নয় বরং মানবদেহের স্বাভাবিক ভিন্নতার অংশ হিসেবে বিবেচনা করছে।
সঠিক তথ্য, সম্মান ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বোঝানোই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ।
:

