আপনি হয়তো ভাবছেন, ৫ সেকেন্ড শ্বাস বন্ধ রাখা তেমন কোনো বড় ব্যাপার না। ভাবুন তো, এটাই তো ৫ সেকেন্ড মাত্র! কিন্তু বাস্তবে যদি পুরো পৃথিবী মাত্র ৫ সেকেন্ডের জন্য অক্সিজেন থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে এর ফলাফল হবে ভয়ঙ্কর। আসুন সে সম্পর্কে কিছু ধারণা নেই।

দিনের আকাশ কালো হয়ে যাবে—
সূর্যের আলো পৃথিবীর উপর পড়ে এবং চারদিকে ছড়িয়ে পড়ে বাতাসের কণার উপর প্রতিফলনের মাধ্যমে। অক্সিজেন না থাকলে আলো প্রতিফলিত হওয়ার কণা কমে যাবে, ফলে আকাশ প্রায় পুরোপুরি কালো দেখাবে। আলো পৃথিবীতে পৌঁছাবে ঠিকই, কিন্তু মনে হবে যেন এক বিন্দু থেকে আলো আসছে আর সূর্যের আলো চারদিকে ছড়াবে না।

পৃথিবীর ভূত্বক ভেঙে যাবে—
ভূত্বকের ৪৫% গঠিত অক্সিজেন দিয়ে। তাই অক্সিজেন না থাকলে ভূত্বক ভেঙে চৌচির হয়ে যাবে আর আমরা তার নিচে চাপা পড়ে যাব। পৃথিবীর সব বড় বড় স্থাপনা— আইফেল টাওয়ার থেকে বুর্জ খলিফা, কিংবা টুইন টাওয়ার থেকে হ্যালো যত বড় বড় বিল্ডিং রয়েছে সব মাটির তলায় চলে যাবে।

সমুদ্র সৈকতে থাকা সবাই প্রচণ্ড সানবার্নে পুড়ে যাবে—
ওজোনস্তর যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকতে বাধা দেয়। ওজোন পুরোপুরি অক্সিজেনের (O3) তৈরি। তাই অক্সিজেন না থাকলে সূর্যের রশ্মি সরাসরি পৃথিবীতে এসে পড়বে, আর আমাদের জন্য মনে হবে যেন সবাই পৃথিবী নামক উনুনের মধ্যে বসে আছি।

সবার কান চাপের কারণে ফেটে যাবে—
অক্সিজেন না থাকলে আমরা হঠাৎ করেই ২১% বায়ুচাপ হারাবো, যা সমুদ্রতল থেকে এক লাফে প্রায় ২০০০ মিটার উচ্চতায় চলে যাওয়ার মতো। এতে দ্রুত পরিবর্তন হওয়া চাপে কানের পর্দা এতো চাপ মানিয়ে নিতে পারবে না। ফলে আমরা ‘বারোট্রোমা’ নামের সমস্যায় পড়ব, যা সাধারণত ডাইভিং বা বিমানে ওঠার সময় ঘটে। কিন্তু এখানে সেটা অনেক বড় মাত্রায় হবে। তাই কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

সমুদ্র ও অন্যান্য জলাধার বাষ্প হয়ে মহাকাশে চলে যাবে—
পানি হলো দুই অংশ হাইড্রোজেন আর এক অংশ অক্সিজেন। অক্সিজেন হারালে, পানি কেবল হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। হাইড্রোজেন গ্যাস সবথেকে হালকা, তাই এটি বাতাসের উপরের স্তরে উঠে মহাকাশে বেরিয়ে যাবে। ফলে পৃথিবী এক বিশাল মরুভূমিতে রূপান্তরিত হবে।
অক্সিজেনের অভাবে ইঞ্জিনচালিত যানবাহন থেমে যাবে
অক্সিজেন না থাকলে কোনো ধরনের জ্বালানি চালিত গাড়ি যা দহন প্রক্রিয়ায় চলে আর কাজ করবে না। বিদ্যুৎচালিত গাড়ি বাদে সব গাড়ি, বিমান, হেলিকপ্টার, এমনকি মহাকাশযানও থেমে যাবে।

অক্সিজেনের অভাবে ধাতু একে অপরের সাথে জোড়া লেগে যাবে—
আমরা জানি, ধাতুর গায়ে সাধারণত এক ধরনের অক্সাইডের স্তর থাকে, যা তাদের একে অপরের সাথে সহজে মেলাতে দেয় না। কিন্তু শূন্য অক্সিজেন থাকলে এই স্তর থাকবে না, ফলে ধাতু একে অপরের সাথে সরাসরি জোড়া লেগে যাবে। এটাকেই ‘কোল্ড ওয়েল্ডিং’ বলে।

কংক্রিটের তৈরি সব স্থাপনা ভেঙে যাবে—
কংক্রিটের শক্তির জন্য অক্সিজেন দরকার, যা এর গঠনকে শক্ত রাখে। অক্সিজেন না থাকলে, এই বন্ধন নষ্ট হয়ে যাবে আর কংক্রিটের তৈরি স্থাপনাগুলো একে একে ভেঙে পড়বে।
আমরা জানি, বেঁচে থাকার জন্য অক্সিজেন কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র ৫ সেকেন্ডের জন্যও যদি পৃথিবী থেকে অক্সিজেন উধাও হয়ে যায়, তাহলে তার ফলাফল হবে সত্যিই বিপর্যয়কর।
লেখক : ইমাম হোসাইন আনজির
তথ্যসূত্র : Science ABC

