ফিজিক্যালি ভালো কিন্তু ফিটনেস খারাপ—প্রথমে শুনলে কথাটা কেমন যেন অদ্ভুত মনে হয় তাই না? ব্যাপারটা এমন যে, যেন কেউ বলছে দেখতে খুব সুস্থ মনে হচ্ছে কিন্তু আসলে সে অসুস্থ! কিন্তু আবার খেলাধুলার জগতে যাঁরা একটু অভ্যস্ত তাঁদের কাছে এই বাক্যটা খুব পরিচিত এবং বাস্তব। বিশেষ করে ফুটবল, বাস্কেটবল বা রাগবির মতো উচ্চমানের শারীরিক পারফরম্যান্স নির্ভর খেলায় এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ।

একজন মানুষ বাহ্যিকভাবে দেখতে যতই শক্তিশালী হোক না কেন, খেলাধুলার বাস্তব চাহিদা পূরণ করতে না পারলে তাঁর শারীরিক গঠন দিয়ে কোনো লাভ নেই। কারণ, ফিজিক্যাল আর ফিটনেস—এই দুটি শব্দ আদতে এক নয়। বরং এদের মাঝে রয়েছে এক গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা না বুঝলে আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছাতে পারি।

ফিজিক্যালিটি মানে বাহ্যিক শক্তির প্রতিচ্ছবি

ফিজিক্যাল বলতে আমরা বুঝি শরীরের গঠন যেমন উচ্চতা, ওজন, পেশির পরিমাণ, বাহ্যিক শক্তিমত্তা ইত্যাদি। অনেকটা যেমন কাউকে দেখে আমরা বলি, এই ছেলেটা দেখতে খেলোয়াড় টাইপ কারণ তাঁর চেহারা, গঠন বা পেশিগুলো শক্তিশালী মনে হয়। এই ভিজ্যুয়াল ইমপ্রেশনটাই ফিজিক্যালিটি। কোনো খেলোয়াড় যদি লম্বা হয়, হাতে-পায়ে পেশি থাকে, শরীরের কাঠামো জিম করা অ্যাথলেটদের মতো হয়—তবে স্বাভাবিকভাবেই আমরা ধরে নিই সে খুব ভালো খেলোয়াড় হবে। কিন্তু সেটাই যে খেলার মূল যোগ্যতা নয়, সেটা বোঝা যায় যখন বাস্তব মাঠে তার পারফরম্যান্স দেখা হয়।

ফিটনেস মানে হচ্ছে শরীরের কাজ করার ক্ষমতা

ফিটনেস হলো আপনার শরীরের কার্যক্ষমতা—মানে, আপনি মাঠে কতক্ষণ দৌড়াতে পারবেন, আপনার স্ট্যামিনা কেমন, ক্লান্তি আসার পর কত দ্রুত পুনরুদ্ধার করতে পারেন, শরীরের সহনশীলতা কেমন, আর কতক্ষণ ধরে আপনি একই গতিতে পারফর্ম করতে পারেন। ফিটনেস মানে শুধুই পেশি নয়, বরং শরীরের ভেতরের শক্তি, সহনশীলতা এবং একটানা কাজ করে যাওয়ার সামর্থ্য।

ফুটবল মাঠে যে খেলোয়াড়টা ৯০ মিনিট দৌড়ায়, প্রতিপক্ষকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যায়, বারবার ডিফেন্সে ফিরে আসে, আবার আক্রমণে যায়—তাঁর ফিটনেস ভালো। সেখানে হয়তো আরেকজন খেলোয়াড়, যাঁর বাহুতে পেশি ফুলে উঠেছে, বডি বিল্ডারের মতো দেখতে, কিন্তু পাঁচ মিনিট দৌড়ানোর পরই হাঁপিয়ে উঠছেন—তাহলে তিনি ফিজিক্যালি স্ট্রং হলেও ফিট নন।

সহজ উদাহরণে বিষয়টা পরিষ্কার হোক

ধরুন, কেউ প্রতিদিন জিমে যান, ভার উত্তলন করেন, পুশ আপ দিয়ে শরীরের পেশিগুলো শক্ত করে তোলেন। শরীর দেখে মনে হয় তিনি মাঠে প্রতিপক্ষকে এক ধাক্কায় সরিয়ে ফেলতে পারবেন। কিন্তু যখন মাঠে নামলেন তখন দেখা গেল কয়েক মিনিটের মধ্যেই ক্লান্তি, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, খেলায় ফোকাস নেই। তাহলে বোঝা গেল, তাঁর শরীরের বাহ্যিক গঠন যতই আকর্ষণীয় হোক না কেন, মাঠের জন্য প্রস্তুত নন তিনি।

অন্যদিকে, একজন পাতলা গড়নের খেলোয়াড় যাঁকে দেখে তেমন কিছু মনে হয় না—তিনি যখন টানা ৯০ মিনিট দৌড়ান, রক্ষণভাগ সামলান, আক্রমণে যান, তখন বোঝা যায় যে তিনিই সত্যিকারের ফিট অ্যাথলেট।

কেন এই পার্থক্যটা এত গুরুত্বপূর্ণ?

ফুটবলের মতো খেলায় শুধু ফিজিক্যাল গঠন দিয়ে পার পাওয়া যায় না। একজন ভালো ফুটবলারকে মাঠে টিকে থাকতে হলে তাকে স্ট্যামিনায় ভালো হতে হবে, ফোকাস ধরে রাখতে হবে, দ্রুত রিকভারি করতে হবে এবং ধারাবাহিকভাবে খেলতে হবে। ক্লাব বা কোচরা তাই খেলোয়াড় বাছাইয়ের সময় শুধুমাত্র বাহ্যিক গঠন দেখেন না। তাঁরা ফিটনেস টেস্ট নেন—যেমন ১২ মিনিটে কতটা দৌড়াতে পারেন, স্কোয়াট বা বারপুল করতে পারেন কিনা—এসবই মাপা হয় মাঠের উপযোগিতা যাচাই করতে।

ফিজিক্যালি ভালো কিন্তু ফিটনেস খারাপ—এটা আদতে কোনো মজার বিষয় নয় বরং একটি বাস্তব সত্য। কারণ খেলাধুলার আসল চাহিদা হলো পারফরম্যান্স আর সেই পারফরম্যান্স আসে একমাত্র ফিটনেস থেকে। বাহ্যিক চেহারা দিয়ে খেলোয়াড়ের দক্ষতা বিচার করা ভুল। একজন খেলোয়াড়ের সত্যিকারের শক্তি তাঁর শরীরের কাজ করার ক্ষমতায়—মানে, ফিটনেসে। তাই বলা যায়, ফিজিক্যালিটি হলো শরীরের বাহ্যিক রূপ, আর ফিটনেস হলো শরীরের বাস্তব সক্ষমতা। খেলাধুলায় জয়ী হওয়ার রাস্তা কেবল ফিটনেস দিয়েই তৈরি হয়।

লেখক : ইমাম হোসাইন আনজির

বিজ্ঞানের সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।
Leave A Reply