মানবসভ্যতার তথ্য উৎপাদনের গতি এখন এমন এক স্তরে পৌঁছেছে, যেখানে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডেটা তৈরি হচ্ছে। এই বিপুল ডেটাকে বিশ্লেষণ করে অর্থবহ সিদ্ধান্ত গ্রহণ করা মানুষের পক্ষে আর সম্ভব নয়। এখানে মেশিন লার্নিং আবির্ভূত হয় অপরিহার্য প্রযুক্তি হিসেবে।
মেশিন লার্নিং (ML) হলো একটি প্রযুক্তি যা কম্পিউটারকে নিজে নিজে ডেটা থেকে শেখার ক্ষমতা দেয়। সহজভাবে বললে, এটি এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটারকে সরাসরি কোডিং বা নির্দেশনা দিয়ে কোনো কাজ শেখানো হয় না। বরং, কম্পিউটার নিজেই উদাহরণ দেখে বা ডেটা বিশ্লেষণ করে বুঝতে শেখে।
মেশিন লার্নিং-এর একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করা যাক ।
ধরুন, আপনি একটি কম্পিউটারকে আপেল এবং কমলা চেনাতে শেখাবেন। তখন আপনাকে কম্পিউটারে বিশাল পরিমাণে আপেল এবং কমলার ছবি ইনপুট করে চিহ্নিত করে দিতে হবে কোনটি আপেল আর কোনটি কমলা।
কম্পিউটার ছবির সব প্যাটার্ন দেখবে (রঙ, আকার, আয়তন, টেক্সচার ইত্যাদি)। সময়ের সাথে সাথে, কম্পিউটার এই প্যাটার্নগুলো শিখে নেয়। এতে করে কম্পিউটার বুঝে নিতে পারে যে আপেল সাধারণত গোলাকার এবং লালচে, আর কমলা সাধারণত কমলা রঙের এবং খসখসে। একবার এটি এই প্যাটার্নগুলো শিখে নিলে, পরে আপনি আপেল বা কমলার ছবি দিলে কম্পিউটার নিজে নিজে বলে দিতে পারবে এটি আপেল নাকি কমলা।
এটাই মেশিন লার্নিং। কম্পিউটার উদাহরণ (ছবি) থেকে শিখে এবং সেই ডেটা ব্যবহার করে নতুন জিনিস সম্পর্কে অনুমান করতে পারে। যত বেশি ডেটা (যেমন আপেল ও কমলার ক্ষেত্রে ছবি) পাবে, তত ভালোভাবে প্যাটার্ন বুঝবে।
মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডীপ লার্নিং-এর পার্থক্য
মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডীপ লার্নিং প্রায়ই একে অপরের সাথে গুলিয়ে ফেলা হয়, তবে এগুলির মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং যন্ত্রপাতিকে মানুষের মতো চিন্তা করতে, শিখতে এবং কাজ করতে শেখায়। এআই-তে তিনটি গুরুত্বপূর্ণ কাজ থাকে: শেখা, চিন্তা করা, এবং নিজেকে ঠিক করা যাতে আরও ভালো ফল পাওয়া যায়। এটি বিভিন্ন ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গঠিত, যেমন ডেটা বিশ্লেষণ, পরিসংখ্যান, কম্পিউটার প্রোগ্রামিং এবং এমনকি দার্শনিক চিন্তাভাবনা।
মেশিন লার্নিং (ML)
কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অংশ, যেখানে কম্পিউটার ডেটা থেকে শিখে সিদ্ধান্ত নিতে পারে। এখানে কম্পিউটার কোনো কাজ করার জন্য সরাসরি প্রোগ্রাম করা না হয়ে, আগের ডেটা থেকে প্যাটার্ন বিশ্লেষণ করে প্রেডিকশন করতে পারে।
ডীপ লার্নিং
মেশিন লার্নিং-এর একটি আরও উন্নত সংস্করণ, যেখানে বহুস্তরের কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয়, যা মানুষের মস্তিষ্কের গঠন দ্বারা অনুপ্রাণিত। এটি অনেক বেশি জটিলভাবে কাজ করে এবং বিশাল পরিমাণ ডেটা থেকে প্রশিক্ষিত হয় এবং আরও সঠিক ফলাফল দেয়। ডীপ লার্নিংয়ের মাধ্যমে কম্পিউটার ছবি শনাক্তকরণ, ভাষা অনুবাদসহ অন্যান্য জটিল কাজ করতে পারে।
মেশিন লার্নিংকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়:
- Supervised Learning
- Unsupervised Learning
- Reinforcement Learning
Supervised Learning
সুপারভাইজড লার্নিং হলো একটি পদ্ধতি যেখানে মেশিনকে কিছু উদাহরণের মাধ্যমে শেখানো হয়, যেখানে প্রতিটি উদাহরণে সঠিক উত্তরও দেওয়া থাকে। যেমনটা শুরুতে আপেল ও কমলার ছবি আলাদা করার সময় দেখানো হয়েছে। অর্থাৎ, আপনি মেশিনকে অনেকগুলো আপেলের ছবি দেখাবেন, আর প্রতিটি ছবির সাথে বলবেন যে এটি “আপেল”। এরপর মেশিন শিখে যাবে এবং নতুন ছবি দেখলে, এটি চিনতে পারবে এটি আপেল কিনা।
Unsupervised Learning
আনসুপারভাইজড লার্নিং-এ মেশিনকে আগে থেকেই কোনো উত্তর বা নির্দেশনা দেওয়া হয় না। এখানে মেশিন নিজে থেকেই ডেটা বিশ্লেষণ করে প্যাটার্ন বা অনুরূপ বৈশিষ্ট্য খুঁজে বের করে। যেমন, যদি মেশিনকে আপেল এবং কমলার ছবি দেওয়া হয়, তবে এটি নিজে থেকেই আলাদা করে নেবে কোনটি আপেল এবং কোনটি কমলা, যদিও কোন ছবির সাথে সঠিক নাম উল্লেখ করে দেওয়া হয়নি।
Reinforcement Learning
রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এমন একটি পদ্ধতি যেখানে মেশিন ভুল থেকে শিখে। এটি “trial and error” বা পরীক্ষা-নিরীক্ষা পদ্ধতির মাধ্যমে কাজ করে। মেশিন যখন সঠিক কাজ করে, তখন তাকে পুরস্কার (reward) দেওয়া হয় এবং ভুল করলে নেগেটিভ পয়েন্ট দেওয়া হয়। এইভাবে মেশিন শিখে যায় এবং পরবর্তীতে আরও ভালোভাবে কাজ করতে পারে।
Machine Learning-এর গুরুত্ব
প্রতিদিনই পৃথিবীজুড়ে বিশাল পরিমাণ ডেটা তৈরি হচ্ছে, আর এই ডেটা এতটাই বেশি যে মানুষের পক্ষে একে বিশ্লেষণ করা প্রায় অসম্ভব। কিন্তু মেশিন লার্নিং-এর সাহায্যে আমরা এই বিশাল ডেটার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করতে পারি। মেশিন লার্নিং আমাদের কম্পিউটার এবং যন্ত্রপাতির মাধ্যমে অনেক কিছু নতুনভাবে করার সুযোগ দিচ্ছে। এটি ব্যবসায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে সাহায্য করে, যেমন জালিয়াতি শনাক্তকরণ, নিরাপত্তা ঝুঁকি চিহ্নিতকরণ, গ্রাহকের জন্য ব্যক্তিগত সুপারিশ, চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয় গ্রাহক সেবা, ডেটা বিশ্লেষণ, এবং আরও অনেক কিছু। মেশিন লার্নিং আমাদের ভবিষ্যতের প্রযুক্তি যেমন স্বয়ংক্রিয় গাড়ি, ড্রোন, ভার্চুয়াল রিয়ালিটি, এবং রোবোটিকস তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লেখকঃ ইয়ামিন রহমান ফাহাদ

