ধরুন আপনি টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে গেলেন এবং নিজের দাদাকে হত্যা করলেন, যখন তিনি এখনো বিয়েই করেননি। সেক্ষেত্রে আপনার বাবা/মা জন্মাবে না। আর যদি তারা জন্ম না নেন, তাহলে আপনিও তো পৃথিবীতে আসবেন না। কিন্তু আপনি যদি জন্মই না নেন, তাহলে অতীতে গিয়ে দাদাকে মা’র’লেন কীভাবে? এই চিন্তাটিই তৈরি করে গ্র্যান্ডফাদার প্যারাডক্স যা বিজ্ঞানীদের ঘুম হারাম করে রেখেছে বছরের পর বছর।

তবে এই সমস্যাটির একটি ব্যতিক্রমধর্মী সমাধান হাজির হয়েছেন ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির পদার্থবিদ লরেঞ্জো গাভাসসিনো। তিনি দেখিয়েছেন, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এই প্যারাডক্সের বাস্তবসম্মত সমাধান সম্ভব — তবে সেটা কোনো অ্যাকশন-প্যাকড সায়েন্স ফিকশন টাইম ট্রাভেলের মতো না।

আইনস্টাইনের আপেক্ষিকতা অনুযায়ী মহাবিশ্বে এমন কিছু স্থান আছে (যেমন সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের আশেপাশে) যেখানে স্থান-কালের বক্রতা এতটাই তীব্র যে সময় একটা লুপ তৈরি করতে পারে। এই লুপকে বলা হয় ক্লোজড টাইমলাইক কার্ভ (CTC) — যেখানে অতীত এবং বর্তমান একই বিন্দুতে থাকে।

একটি বন্ধ সময়চক্রে (closed timelike circuit), সময়ের স্বাভাবিক প্রবাহের দিক, যাকে এন্ট্রোপির তীর বলা হয়, প্রবেশ ও প্রস্থান পয়েন্টের মধ্যে উল্টে যাচ্ছে। যেন সময় একদিকে না গিয়ে মাঝপথে ঘুরে আবার ফিরে আসছে। (গাভাসসিনো, ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম গ্র্যাভিটি, ২০২৪)

গাভাসসিনো কল্পনা করেছেন এমন একটি মহাকাশযানের কথা যেটা এই টাইম লুপ অর্থাৎ CTC এর মধ্যে ঢুকে পড়ে। এরপর টাইম লুপের মধ্যে পড়ে আবার ফিরে আসে যাত্রা শুরুর আগের এক সময়ে। তাহলে সেই মহাকাশযান অতীতে গিয়েছে? নাকি শুধু একটা লুপে ঘুরে এসেছে?

এখানে আসে এনট্রপির ব্যাপার-স্যাপার। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে একটি সিস্টেমের এনট্রপি বা বিশৃঙ্খলা সময়ের সাথে বাড়তে থাকে। এই নিয়মে সময় একমুখী, মানে সময় কেবল আগে যেতে পারে, পিছনে নয়। তবে পদার্থবিজ্ঞানের অনেক নিয়ম আছে যেগুলো সময়ের দিক পরিবর্তন করলেও ঠিকঠাক কাজ করে। অর্থাৎ কেউ অতীতে গেলে তার এনট্রপি বেড়ে যাবে আবার বর্তমানে ফিরে এলে এনট্রপি কমে আগের মতোই থাকবে।

এই বিষয়টাকে আগে অসম্ভব মনে করা হলেও গাভাসসিনো বলেছেন, কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী এই টাইম লুপে একটি প্যারালাল টাইমলাইন তৈরি হয়, যেখানে লুপের শুরু ও শেষ এক জায়গায় এসে মিলে যায়, ফলে পুরো সফরে মোট এনট্রপি আগের মতোই থাকে — না বাড়ে, না কমে।

এখানে একটি মজার বিষয় ঘটে, এই টাইম লুপে যতবারই আপনি ঘুরে আসুন না কেন, আপনার কোনো স্মৃতি থাকবে না। আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে খুন করেও থাকেন, সেটা আপনি আর মনে রাখবেন না — কারণ মেমোরি টাইম লুপে মুছে যায়। ফলে টাইম লুপ শেষে আপনি আবার ফিরে যাবেন আপনার আগের অবস্থায় — স্মৃতি, শরীর, এনট্রপি সব আগের মতো।

এই বিষয়টি গ্র্যান্ডফাদার পারাডক্সের ক্ষেত্রেও প্রযোজ্য। এভাবে গাভাসসিনো দেখিয়েছেন যে, যদি টাইম ট্রাভেল কখনো সত্যি হয়ও, তাহলে কোনো প্যারাডক্স হবে না। প্রকৃতি এমনভাবেই কাজ করবে যে আপনি আসলে অতীতে কিছুই বদলাতে পারবেন না — সবকিছু এমনভাবে ঘটবে যেন তা আগেও ঠিক এমনই ঘটেছিল।

তার ভাষায়:

প্রকৃতি আমাদের চেয়েও বেশি কল্পনাশক্তিসম্পন্ন।

লরেঞ্জো গাভাসসিনো
সূত্র: Classical and Quantum Gravity (Journal: 2025), Live Science
লেখক: রেদোয়ানুল হক রানা

বিজ্ঞানের সব খবর সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।
Leave A Reply